দিল্লি ক্যাপিটালসের ২৬৪ রানের জবাবে উড়ন্ত সূচনা করে পাঞ্জাব কিংস। প্রভসিমরান সিং ও প্রিয়ানশ আরিয়া বোলারদের তুলোধুনো করছিলেন। ইনিংসের তৃতীয় ওভারে ঘটল দম বন্ধ করার মতো ঘটনা। অক্ষর প্যাটেলের বলে আরিয়ার একটি ক্যাচ পেছন ফিরে ধরতে গিয়ে মাটিতে পড়ে যান লুঙ্গি এনগিডি। বলে আঙুলও ছোঁয়াতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকান পেসার মাথায় গুরুতর আঘাত পান।
এনগিডির মারাত্মক চোটে পুরো গ্যালারিতে নেমে আসে নিস্তব্ধতা। একটি অ্যাম্বুলেন্স ঢুকে পড়ে মাঠে। দলের ফিজিও ও চিকিৎসকরা তাকে পরীক্ষা করতে দ্রুত মাঠে আসেন। খেলোয়াড় ও কোচরাও এই পেসারকে ঘিরে ধরেন। এনগিডি যদিও তাদের সাড়া দিচ্ছিলেন। ১৫ মিনিটেরও বেশি সময় ম্যাচ বন্ধ ছিল।
দ্রুত একটি স্ট্রেচার আনা হয়। তার সতীর্থ ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবসকে বিচলিত দেখা গেছে। দিল্লি কোচ হেমাং বাদানি নেক ব্রেস আনতে ইশারা দেন। সেটা পরিয়ে স্ট্রেচারে তোলা হয় তাকে। ঘাড় ও মাথা নড়াতে না পারলেও হাতের ইশারায় চিকিৎসাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছিলেন এনগিডি। তাকে দেখার জন্য মাঠে ছুটে যান পাঞ্জাবের হেড কোচ রিকি পন্টিংও।
দক্ষিণ আফ্রিকান পেসারকে অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে হাসপাতালে নেওয়া হয়। একটি সূত্র আইএএনএস-কে জানিয়েছে, আরও পরীক্ষা-নিরীক্ষা ও তাৎক্ষণিক চিকিৎসার জন্য কারোল বাগের ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। মাথায় মারাত্মক চোট পেলেও এনগিডি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, এমন কামনা ক্রিকেটপ্রেমীসহ সবার।
কনকাশন সাব হিসেবে ভিপরাজ নিগামকে নামিয়েছে দিল্লি। চার ওভারের কোটার পুরোটা বোলিং করতে পারবেন এই লেগস্পিনার।
দেশবার্তা/একে