ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক ম্যাচে ১৩ জনকে খেলানোর অভিযোগ উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। গতকাল চেন্নাই সুপার কিংস ম্যাচে নিয়ম ভঙ্গ করেছে রোহিত শর্মার দল।
মুম্বাইয়ের একাদশে থাকা মিচেল স্যান্টনার কাঁধে চোট পাওয়ার পর ‘কনকাশন সাব’ হিসেবে শারদুল ঠাকুরকে মাঠে নামানো হয়। মুম্বাইয়ের এই সিদ্ধান্ত নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। এ নিয়ে মুখ খুলেছেন মুম্বাই কোচ মাহেলা জয়বর্ধনে।
ফিল্ডিং করার সময় ক্যাচ ধরতে গিয়ে চোট পান নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক স্যান্টনার। তার পরিবর্তে ‘কনকাশন সাব’ হিসেবে শারদুলকে ব্যাট করতে পাঠায় মুম্বাই। তার আগে ইমপ্যাক্ট সাব হিসেবে মোহাম্মদ গাজানফারের জায়গায় নামানো হয়েছিল দানিশ মালেওয়ারকে।
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার মাথায় চোট পেলে তবেই ‘কনকাশন সাব’ হিসেবে অন্য কাউকে খেলানো যায়। কিন্তু কাঁধে চোট পাওয়া স্যান্টনারের জায়গায় শারদুল কীভাবে ব্যাটিং করলেন? তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, মাঠ ছাড়ার আগে স্যান্টনার নিজের কোটার পুরো ৪ ওভার বোলিং করেন।
মাথায় আঘাত না পেলেও স্যান্টনারের কাঁধের চোট গুরুতর বলে মনে হয়েছে। কিন্তু তারপরও ‘কনকাশন সাব’ পাওয়ার কথা নয়। মুম্বাই কি তা হলে চেন্নাইয়ের বিপক্ষে ১৩ জন ক্রিকেটারকে খেলিয়েছে? তাই আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে।
ম্যাচের পর বিতর্ক নিয়ে মুখ খুলেছেন মুম্বাই কোচ। তার দাবি নিয়মভঙ্গ করা হয়নি। জয়াবর্ধনে বলেছেন, স্যান্টনার কাঁধে আঘাত পেয়েছে ঠিকই, তবে তার আগে প্রথম মাথায় এবং গলায় আঘাত পেয়েছিল। সাজঘরে ফিরে আসার পর ওর মাথা ঘুরছিল। এটা ঠিক, স্যান্টনারের কাঁধে বরফ দেওয়া হচ্ছিল। পাশাপাশি সে স্বস্তি বোধ করছিল না। তাই তাকে স্ক্যান করানোর জন্য পাঠানো হয়।
দেশবার্তা/একে