মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৬ এপ্রিল) ভোরে রাজধানীর নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী এবং রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।
গোলাম সারোয়ার মিলন ১৯৮১-১৯৮২ সালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী ছাত্রনেতা ছিলেন এবং ওই সময় তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ছিলেন। মানিকগঞ্জ-৪ আসনে ১৯৮৬-৯০ মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ১৯৮৬-১৯৮৭ মেয়াদে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জীবনের শেষ ভাগে তিনি বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
ভোরে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে দ্রুত ঢাকার পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আজ বাদ জোহর মানিকগঞ্জের সিংগাইরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দেশবার্তা/একে