বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল প্যানেলে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ডা. এরফানুল হক সিদ্দিকী। তিনি বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক এবং পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিসিবির মেডিকেল প্যানেলে তাঁর অন্তর্ভুক্তিকে ব্যক্তিগত অর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি বিএমইউ’র চিকিৎসা শিক্ষা ও গবেষণার মান এবং পেশাগত উৎকর্ষতার প্রতিফলন।
ক্রিকেট বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে অন্যতম গুরুত্বপূর্ণ পরিচিতি বহন করে। জাতীয় দলের খেলোয়াড়দের ফিটনেস, ইনজুরি ব্যবস্থাপনা এবং দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করতে একটি দক্ষ মেডিকেল টিমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বিসিবির মেডিকেল প্যানেল খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা, ইনজুরি প্রতিরোধ এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।
নতুন দায়িত্বে অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
দেশবার্তা/আরএইচ