বলিউডে কাস্টিং কাউচ বা কাজের বিনিময়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ নতুন নয়। এবার সেই তালিকায় যুক্ত হলো ভারতীয় অভিনেত্রী মাদালসা শর্মার নাম। ক্যারিয়ারের শুরুর দিকে এক নামী পরিচালকের হাতে কীভাবে হেনস্তার শিকার হতে হয়েছিল, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই চাঞ্চল্যকর অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।
‘দ্য মেল ফেমিনিস্ট’ নামক এক পডকাস্টে অংশ নিয়ে মাদালসা জানান, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর। এক পরিচিত এবং প্রভাবশালী চলচ্চিত্র পরিচালক তাঁকে সিনেমার বিষয়ে আলোচনার জন্য ডেকেছিলেন। শুরুতে বিষয়টিকে সাধারণ অডিশন মনে করলেও কথোপকথনের একপর্যায়ে পরিচালক জানতে চান, মাদালসা পর্দায় বিকিনি পরতে স্বচ্ছন্দ কি না।
মাদালসা বলেন, ‘তিনি আমাকে বলেছিলেন যে তিনি এমন একজন মেয়ে খুঁজছেন যে বিকিনি পরতে পারবে। পেশাগত প্রয়োজনে আমি রাজিও হয়েছিলাম, তবে গল্পের প্রেক্ষাপটে এর যৌক্তিকতা কতটুকু তা জানতে চেয়েছিলাম।’ কিন্তু পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে যখন ওই পরিচালক সরাসরি তাঁর সামনে বিকিনি পরে দেখানোর প্রস্তাব দেন।
নিজের আপত্তির কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘পরিচালক আমার শারীরিক ভাষা দেখার অজুহাতে আমাকে তাঁর সামনেই বিকিনি পরতে বলেন। আমি সাফ জানিয়ে দিই, চরিত্রের প্রয়োজনে ক্যামেরার সামনে যেকোনো পোশাক পরতে আমার আপত্তি নেই, কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে দেখানোর জন্য তা করা আমার কাজের অংশ নয়।’
মাদালসা আরও জানান, তিনি তৎক্ষণাৎ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং পরিচালককে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন- যদি প্রতিভার ভিত্তিতে সুযোগ দেওয়ার হয় তবেই তিনি কাজ করবেন, নতুবা নয়। পরে তিনি জানতে পারেন, ওই চরিত্রের জন্য যাকে নেওয়া হয়েছিল, তাঁর সঙ্গে সেই পরিচালকের ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল।
উল্লেখ্য, জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘অনুপমা’-তে ‘কাব্য’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান মাদালসা শর্মা। রূপালী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই মেগা সিরিয়ালে তাঁর ধূসর ঘরানার চরিত্রটি দর্শকদের বেশ নজর কেড়েছিল।
এর আগে তিনি বেশ কিছু দক্ষিণ ভারতীয় ও বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন।
দেশবার্তা/একে