গুঞ্জন ছিল বেশ আগে থেকেই, এবার নিজেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। সংগীত জগতের প্রভাবশালী ব্যক্তিত্ব স্কুটার ব্রাউনের সঙ্গে নিজের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কার্যত প্রেমের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় সিডনি তাঁর ইনস্টাগ্রামে ক্যালিফোর্নিয়ার একটি সংগীত উৎসবের একগুচ্ছ ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, উৎসবের ভিড়ে ব্রাউনের সঙ্গে মেতে উঠেছেন তিনি; কখনো তাঁকে জড়িয়ে ধরে আছেন, কখনোবা ব্রাউন তাঁকে কাঁধে তুলে নিয়েছেন।
ছবির ক্যাপশনে সিডনি লিখেছেন, ‘কাউবয় কাইন্ড অব উইকেন্ড’।
প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত শেয়ার করলেন সিডনি। কোলাজ
সিডনির এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই স্কুটার ব্রাউনও নিজের অ্যাকাউন্টে একই উৎসবের কিছু ভিডিও ও ছবি শেয়ার করেন, যেখানে দুজনকে একসঙ্গে গান গাইতে দেখা যায়।
পেশাদার জীবনের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় ছিলেন এই যুগল।
এর আগে ব্রাউন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সাদা-কালো ছবি পোস্ট করলে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও ঘনীভূত হয়।
জানা গেছে, ২০২৫ সালের জুনে ইতালিতে জেফ বেজোস ও লরেন সানচেজের বিয়ের অনুষ্ঠানে সিডনি ও ব্রাউনের প্রথম দেখা হয়। এরপর সেপ্টেম্বর নাগাদ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাঁদের সম্পর্কের খবর নিশ্চিত করে।
ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, দুজনেই এই সম্পর্ক নিয়ে বেশ গুরুত্বের সঙ্গে ভাবছেন।
ব্রাউনের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সিডনি ব্যবসায়ী জোনাথন ডাভিনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন। ২০১৮ সালে শুরু হওয়া সেই সম্পর্ক গত বছর ভেঙে যায় এবং তাঁদের বাগ্দানও বাতিল করা হয়।
অন্যদিকে, স্কুটার ব্রাউন তাঁর স্ত্রী ইয়েল কোহেনের সঙ্গে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ২০২২ সালে। তাঁদের সংসারে তিন সন্তান রয়েছে।
সাম্প্রতিক সময়ে সিডনি সুইনি কেবল অভিনয় নয়, নানা বিতর্কের কারণেও সংবাদ শিরোনামে এসেছেন। আমেরিকান ইগলের একটি প্রচারণা এবং নিজস্ব অন্তর্বাস ব্র্যান্ড চালু করা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে সব বিতর্ক ছাপিয়ে ক্যারিয়ারে সাফল্যের গ্রাফ ঊর্ধ্বমুখী। ২০২৫ সালে ‘দ্য হ্যান্ডমেড’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় সাফল্য পেয়েছেন তিনি।
বর্তমানে এইচবিও’র জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’র তৃতীয় ও শেষ মৌসুমে তাঁর অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে।