সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত আটজনের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
রোববার (৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত ফখরুল আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার সেঁততি গ্রামের বসির মিয়ার মেয়ে মোছা. মুন্নি (২৬), ভাটিপাড়া নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫), ধর্মপাশা উপজেলার সরিবা গ্রামের ইদ্রিস মিয়ার স্ত্রী নার্গিস (৪৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা এলাকার সুরত আলীর ছেলে মো. বদরুল জামান (৪০) এবং একই উপজেলার শিবপুর গ্রামের কুটির বিশ্বাসের ছেলে পাণ্ডব বিশ্বাস (২০)। বাকি দুইজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
আহতদের মধ্যে রয়েছেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের রফিক মিয়ার ছেলে মো. আলমগীর (৩২), সিলেট নগরের কালিবাড়ি এলাকার মৃত শুকুর উল্লাহর ছেলে তোরাব উল্লাহ (৬০), আম্বরখানার লোহারপাড়ার মৃত আলিম উদ্দিনের ছেলে রামিন (৪০) ও একই এলাকার মল্লিক মিয়ার ছেলে আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা গ্রামের খোকন মিয়ার মেয়ে রাভু আক্তার (২৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাউমারা গ্রামের বদরুজ্জামানের মেয়ে হাফিজা বেগম (৩০) এবং দিরাই উপজেলার ভাটিপাড়ার জফুর আলীর ছেলে রাজা মিয়া (৪৫)। এছাড়াও রহিম (৬০) নামের একজনকে মুমূর্ষু অবস্থায় নুরজাহান হাসপাতালের আইসিইউতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে দক্ষিন সুরমা থানার উপ পুলিশ কমিশনার রিয়াজুল কবির জানান, সকালে একটি ডি আই পিকআপ দিয়ে ১৫-১৬ জন শ্রমিক সিলেট হতে সুনামগঞ্জে যাওয়ার পথে এবং রাঙামাটি থেকে কাঁঠাল ভর্তি একটি ট্রাক সিলেট আসার পথে ঢাকা - সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর ট্রাকের এবং পিকআপের চালক পলাতক রয়েছে। তবে দূর্ঘটনায় জড়িত ট্রাক এবং পিকআপ পুলিশের জিম্মায় রয়েছে।
প্রতিনিধি/একে/আরএইচ