‘টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি’- এমন স্লোগানে ঢাকা-খুলনা মহাসড়কে মিছিল করেছে একদল তরুণ। এসময় তাদের হাতে একটি ব্যানার দেখা গেছে। সেখানে লেখা ছিল, ‘আমাদের বন্ধু শাকিল শেখ তার বিয়েতে বন্ধুদের দাওয়াত না দেওয়ায় বিক্ষোভ মিছিল।
শুক্রবার (১৫ মে) বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে মিছিল করেন তারা।
বন্ধুদের দাবি, তাদের দীর্ঘদিনের বন্ধু শাকিল শেখ তাদের কাউকে কিছু না জানিয়ে বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে যখন ঘর-সংসার শুরু করেছেন, তখন বন্ধুরা খবরটি জানতে পারেন। বন্ধুর এমন ‘বিশ্বাসঘাতকতায়’ ক্ষোভে ফেটে পড়েন তারা।
আশিক নামের এক তরুণ বলেন, দীর্ঘদিন ধরে বিয়েতে বন্ধুদের দাওয়াতের আশ্বাস দিয়ে আসলেও শাকিল শেখ তার বিয়েতে দাওয়াত না দেওয়ায় বিক্ষুব্ধ বন্ধুরা মিলে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত গ্রহণ করি। তারই পরিপ্রেক্ষিতে আজকের বিক্ষোভ মিছিল। বিয়ের খবর গোপন রাখায় আমরা কষ্ট পেয়েছি। তাই এক হয়ে বন্ধুরা মিলে প্রতিবাদ জানিয়েছি।
বিক্ষোভ মিছিলটির প্রধান আয়োজক আয়নাল আহসান বলেন বলেন, গোয়ালন্দ উপজেলার এসএসসি ১৫ ব্যাচের বন্ধুদের মধ্যে খুবই সখ্যতা আছে। প্রত্যেকের সঙ্গেই প্রত্যেকের যোগাযোগ অত্যন্ত নিবিড়। হঠাৎ করে তাদের বন্ধু দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়া এলাকার বাসিন্দা শাকিল শেখ বিয়ে করে ফেলে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বিয়ের অনুষ্ঠানে বন্ধুদের দাওয়াত দেওয়া হয়নি। যে কারণে তারই প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিলটির আয়োজন করে এসএসসি-১৫ ব্যাচ। তবে, দাওয়াত না দিলেও নব দম্পতির সুখ কামনায় দোয়া করেছে বন্ধুরা।
দেশবার্তা/একে