ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার পূর্ব ইলিশার গাজীপুর চর সংলগ্ন মেঘনা নদী থেকে তাঁকে আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় আট লাখ টাকা। আটক হওয়া যুবকের নাম মো. শরিফুল ইসলাম (২০)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মো. ফরিদ মিয়ার ছেলে।
আজ বিকেলে কোস্টগার্ড বেইস ভোলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের স্টাফ অফিসার লেফটেন্যান্ট রিয়াজ আহমেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১টার দিকে কোস্টগার্ড বেইস ভোলা মেঘনা নদীর গাজীপুর চর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা দিয়ে যাওয়া সন্দেহভাজন একটি স্পিডবোট থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় স্পিডবোটটি থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি শরিফুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই বিপুল পরিমাণ গাঁজা কুমিল্লা থেকে ভোলা সদরে পাচার করা হচ্ছিল।
কোস্টগার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জব্দকৃত গাঁজা ও আটক মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। যুবসমাজকে রক্ষায় এবং মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্টগার্ডের এমন মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধি/একে