আগাম বন্যায় হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন ও ক্ষতি নিরূপণ করে অবিলম্বে ক্ষতিপূরণ প্রদানসহ ৮ দফা দাবিতে হবিগঞ্জে কৃষক সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (৬ মে) সকাল ১১টায় সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট হবিগঞ্জ জেলার উদ্যোগে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কৃষি মন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে পৃথক দুটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেম।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্ট হবিগঞ্জ জেলার সংগঠক জাফর আলী এবং সঞ্চালনা করেন শফিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন বাসদ হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কমরেড নুরুজ্জামান তরফদার, সদস্য ডা. সুনীল রায়, কৃষক নেতা ওয়াদুদ মিয়া, ফারুক মিয়া, রাজ্জাক মিয়া প্রমুখ। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য দেন শ্রমিক নেতা জাহাঙ্গীর মিয়া ও সিদ্দিক মিয়া।
বক্তারা বলেন, আগাম বন্যায় বোরো ধান ও সবজি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি নিরূপণ করে দ্রুত তালিকা প্রণয়ন ও ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি ফসল কাটার জন্য সরকারি উদ্যোগে শ্রমিক, নৌকা ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের দাবি জানান তারা।
তারা আরও বলেন, হাটে হাটে সরকারি ক্রয় কেন্দ্র চালু করে ভর্তুকি মূল্যে (প্রতি মণ ১৭০০ টাকা) ধান ক্রয় করতে হবে। কৃষক পরিবারের জন্য সারা বছরের খাদ্য সহায়তা, কৃষি ঋণ মওকুফ এবং নতুন ফসল আবাদের জন্য সহজ শর্তে ঋণ প্রদানের দাবি জানানো হয়।
এছাড়া প্রত্যেক ইউনিয়নে সরকারি শীতল সংরক্ষণাগার (কোল্ড স্টোরেজ) স্থাপন এবং জাতীয় বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন আলেয়া আক্তার, জলিল মিয়া, বিলাল মিয়া, নূরুল ইসলাম, মিনাল হক প্রমুখ।
প্রতিনিধি/আরএইচ