সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে সুন্দরবনে জলদস্যুদের তৎপরতা বন্ধ, চাঁদাবাজি রোধে জনসচেতনতা বৃদ্ধি, মাদকসহ সব ধরনের সামাজিক অবক্ষয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং যানজট নিরসনে বাস টার্মিনাল শহরের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।
এছাড়া চিংড়িতে অপদ্রব্য বা ‘জেলি পুশ’ রোধ, জলাবদ্ধতা দূরীকরণ, ট্রাক স্ট্যান্ড স্থাপন এবং আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মোহাম্মদ রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য কাজী নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত ও জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
এ ছাড়াসেনাবাহিনী ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকেরা সভায় অংশ নেন।
বক্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা বৃদ্ধির ওপর জোর দেন।
প্রতিনিধি/একে