ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে অবস্থিত বেঞ্চমার্ক ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের মালামাল ও যন্ত্রপাতি লুটে নিয়েছে।
ঘটনার বিবরণ কারখানা কর্তৃপক্ষ জানায়, গত ১২ মে দিবাগত রাতে আনুমানিক ১৫ থেকে ২০ জনের একটি মুখোশধারী দল ট্রাক নিয়ে কারখানা প্রাঙ্গণে প্রবেশ করে। ডাকাতরা শুরুতেই কারখানার সিসিটিভি ক্যামেরাগুলো অকেজো করে দেয়। এরপর কয়েক ঘণ্টা ধরে তারা নির্বিঘ্নে মালামাল ট্রাকে তোলে।
লুট হওয়া যন্ত্রাংশের মধ্যে রয়েছে- কেমিক্যাল মোটর, বয়লার বার্নার, মূল্যবান ইলেকট্রিক ক্যাবলসহ বিভিন্ন দামি পার্টস।
এই ঘটনায় বেঞ্চমার্ক ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ ইতিমধ্যে ফেনী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম গণমাধ্যমকে জানান, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/আরএইচ