মাগুরার শ্রীপুরে খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং লাভজনক দুগ্ধ খামার গড়ে তোলার লক্ষ্যে “অধিক দুগ্ধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ব্র্যাক-এর কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা অংশগ্রহণ করেন। এতে গাভীর খাদ্য ব্যবস্থাপনা, উন্নত প্রজনন পদ্ধতি, প্রাণিসম্পদের স্বাস্থ্যসেবা, খামারের পরিচ্ছন্নতা এবং সঠিক রেকর্ড সংরক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের ব্যবহারিক ও তাত্ত্বিক ধারণা দেওয়া হয়। বিশেষভাবে অধিক দুধ উৎপাদন ও খামারের লাভজনকতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।
প্রশিক্ষণে রোগ নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থা এবং পরিবেশবান্ধব খামার পরিচালনার বিভিন্ন কৌশল হাতে-কলমে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের আগ্রহ ও সম্পৃক্ততা বাড়াতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, খামারিদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় আধুনিক পদ্ধতিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
মো. আব্দুল লতিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইয়ুব হোসেন খান।
কাদিরপাড়া ইউনিয়নের ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী মো. মেহেদী হাসান-এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন মো. লিয়াকত ওসমান মজুমদার।
সভাপতির বক্তব্যে মো. আব্দুল লতিফ বলেন, “আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক পরিচর্যা, উন্নত প্রজনন প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খামারকে আরও লাভজনক করা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ খামারিদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রতিনিধি/আরএইচ