রাজবাড়ীতে আম পাড়তে গিয়ে রোমান সরদার (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান সরদার নাছির সরদারের ছেলে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট। তাদের বাড়ি বাড়াইজুরী গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে রোমান বাড়ির একটি আমগাছে আম পাড়তে ওঠে। গাছটি আকারে ছোট ছিল, যার উচ্চতা আনুমানিক ১২ থেকে ১৫ ফুট। একপর্যায়ে অসাবধানতাবশত গাছের একটি ডাল ভেঙে গেলে রোমান নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোমানের চাচা সোহেল রানা বলেন, “এভাবে মারা যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছি না। কারণ আমগাছটি তেমন বড়ও ছিল না।”
বিষয়টি নিশ্চিত করে চন্দনী ইউনিয়নের ইউপি সদস্য মো. নায়েব আলী বলেন, “আমগাছের ডাল ভেঙে নিচে পড়ে একটি শিশু মারা গেছে। মাটিতে পড়ার সময় তার ঘাড়ে গুরুতর আঘাত লাগে।”
রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে নেওয়ার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছিল।
প্রতিনিধি/আরএইচ