মাদক, অনলাইন জুয়া ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার (এসপি) আবু সালেহ মো. আশরাফুল আলম। তিনি বলেন, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না, সে যে-ই হোক না কেন। এমনকি পুলিশের কোনো সদস্য যদি অপরাধে জড়ায়, তবে তদন্ত করে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় ও পরিচিতি সভায় নবাগত পুলিশ সুপার এসব কথা বলেন।
নবাগত এসপি বলেন, সন্ত্রাসীদের কোনো দল নেই। তাদের একটাই পরিচয়- তারা সন্ত্রাসী। সে যে দলেরই হোক না কেন, বিশৃঙ্খলা বা সন্ত্রাস সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আসন্ন ঈদুল আজহা প্রসঙ্গে তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে যেন কেউ কোনো ধরনের চাঁদাবাজি করতে না পারে, সেজন্য পুলিশ বাহিনী সর্বদা সচেষ্ট থাকবে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে ব্যাপারে পুলিশ তৎপর থাকবে।
সুন্দরবনের জলদস্যুদের দমনে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে যৌথ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে এসপি বলেন, সাতক্ষীরায় ইদানীং কাউন্টার মামলার (পাল্টাপাল্টি মামলা) সংখ্যা বেড়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিঠুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল আলিম এবং সাতক্ষীরা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রতিনিধি/একে