শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত এ কর্মসূচি চলবে।
সোমবার (১৮ মে) বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
কর্মসূচি অনুযায়ী, ৩০ মে শনিবার ভোর ছয়টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয় নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতির মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। পরে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ৩১ মে (রোববার) দুপুর দুটোয় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করবে বিএনপি।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ, সংবাদপত্র ও অনলাইনে ক্রোড়পত্র প্রকাশের কথাও জানানো হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতি থানায় এবং সারা দেশে জেলা ও মহানগরীসহ সব ইউনিটে দুস্থদের মধ্যে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ এবং দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।