ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২০ মে ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
ফায়ার সার্ভিস সপ্তাহ শুরু, ২০ জনকে পদক দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১৬:২৮  (ভিজিটর : )

‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। 

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সপ্তাহ, পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে ফায়ার সার্ভিসের মহাপরিচালক তাঁকে স্বাগত জানান। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বেলুন, পায়রা উড়িয়ে এবং কেক কেটে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করেন। পরে প্যারেড কমান্ডার ফয়সালুর রহমানের নেতৃত্বে ৪টি কন্টিনজেন্টের সদস্যগণ প্রধান অতিথিকে সশ্রদ্ধ অভিবাদন জানান এবং মন্ত্রী প্যারেড পরিদর্শন করেন।

অনুষ্ঠানে নতুন স্টেশন অফিসার, ফায়ারফাইটার, ড্রাইভার, ডুবুরি ও নার্সিং অ্যাটেনডেন্টদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হওয়ায় ট্রেনিং কমপ্লেক্সের পিও কাম অ্যাডজুটেন্ট সাইদুল আলম চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে বুনিয়াদি প্রশিক্ষণে নির্বাচিত চৌকশ কর্মকর্তা-কর্মচারীদের চৌকশ পদক এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় পদকে ভূষিত হওয়া কর্মকর্তাদের মধ্য থেকে ২০ জনকে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আরও আধুনিক, দক্ষ, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, দুর্ঘটনা-দুর্যোগে আপনারা সবার পাশে সবার আগে উপস্থিত হন। জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন। এ কারণে মানুষ আপনাদেরকে দুঃসময়ের বন্ধু মনে করে। তিনি এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রধান অতিথির ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অগ্নিদুর্ঘটনাসহ যেকোনো দুর্যোগে পেশাদারি মনোভাব, সাহস, ত্যাগ ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ফায়ার সার্ভিস জাতির আস্থা অর্জন করেছে। 

তিনি আরও বলেন, সকল দুর্যোগে বিপদে পড়া মানুষের পাশে প্রথম ছুটে যাওয়া ‘স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত’ এই প্রতিষ্ঠানটি আমাদের একটি গর্বের বাহিনী হিসেবে স্বীকৃত।

স্বরাষ্ট্রমন্ত্রী ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার বিষয়েও তাঁর আন্তরিক সদিচ্ছার কথা ব্যক্ত করেন।

সবশেষে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ ধ্বনি দিয়ে মার্চ পাস্টের মাধ্যমে প্যারেড শেষ হয়। প্যারেড শেষে স্বরাষ্ট্রমন্ত্রী কন্টিনজেন্ট সদস্যদের সাথে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। সবশেষে তিনি গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা, ফায়ার সার্ভিসের পরিচালকবৃন্দ এবং ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯ মে কেন্দ্রীয় পর্যায়ে উদ্বোধনের পর আগামীকাল ২০ মে থেকে ২২ মে পর্যন্ত তিন দিনব্যাপী সারাদেশে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস সপ্তাহ পালিত হবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’- প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস
‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’- প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস
ঈদে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা
ঈদে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা
নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়লো সরকার
নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়লো সরকার
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg