পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে বুধবার (২০ মে) দিনাজপুর সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দিনাজপুর সদর উপজেলার মাধবপুর এলাকায় অবস্থিত মেসার্স এস আর ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অভিযানে ইটভাটাটির কিলন ও চিমনি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।
এ সময় সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্চ অফিসার মোঃ রুনায়েত আমিন রেজা।
অভিযানে বিদ্যুৎ বিভাগের একটি দল ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক কাজে সহযোগিতা করে দিনাজপুর সদর থানা পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং দিনাজপুর জেলা ফায়ার সার্ভিসের একটি দল।
কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/আরএইচ