গাইবান্ধার সাদুল্লাপুরে নিজের নামে দুই শতক জমি লিখে না দেওয়ায় স্ত্রী শিমুলী আক্তার শিউলি (৩২) হত্যা মামলার পলাতক আসামি স্বামী আনারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রোববার দুপুরে র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শনিবার (৬ জুন) গাইবান্ধা ও গাজীপুরে কর্মরত র্যাবের যৌথ একটি দল গাজীপুরের বাসন থানা এলাকা থেকে আনারুল ইসলামকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আনারুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত শিমুলী আক্তার শিউলি ছিলেন আনারুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত।
এ নিয়ে আনারুল নিয়মিত শিউলিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একপর্যায়ে শিউলি নিজের নামে দুই শতক জমি কিনে সেখানে ঘর নির্মাণ করে স্বামীকে নিয়ে বসবাস শুরু করেন।
পরে ওই জমি নিজের নামে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দিতে থাকেন আনারুল। একই সঙ্গে তার ওপর নির্যাতনের মাত্রাও বাড়িয়ে দেন।
র্যাবের ভাষ্য অনুযায়ী, শিউলি জমি স্বামীর নামে লিখে দিতে অস্বীকৃতি জানালে গত ২২ মে বিকেলে আনারুল তার সহযোগীদের নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন।
ঘটনার পর নিহতের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে সাদুল্লাপুর থানায় কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হত্যাকাণ্ডের পর আনারুল ও তার সহযোগীরা আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ গাইবান্ধা এবং র্যাব-১ ঢাকার উত্তরা অঞ্চলের যৌথ অভিযানে আনারুলকে গ্রেপ্তার করা হয়।
দেশবার্তা/আরএইচ