আমন-২০২৬ মৌসুমে উন্নত জাতের ধানের বীজ উৎপাদন ও সম্প্রসারণ কার্যক্রম জোরদার করতে ৯৭ টন ব্রিডার বীজ বিতরণ শুরু করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।
সোমবার (৮ জুন) ব্রির জেনেটিক রিসোর্সেস অ্যান্ড সিড (জিআরএস) বিভাগ এ উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ব্রিডার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও কমন সার্ভিস) ড. আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর পরিচালক (তৈলবীজ গবেষণা) ড. মো. মঞ্জুরুল কাদের, ব্রি ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য মো. গোলাম সোবাহানী, ব্রি বিজ্ঞানী সমিতির সদস্য সচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল, বিভিন্ন বিভাগের প্রধান এবং জিআরএস বিভাগের বিজ্ঞানীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিআরএস বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মীর শরফ উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিআরএস বিভাগের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এবনা সিওদ মোঃ হারুনুর রশীদ।
ব্রি সূত্রে জানা গেছে, জিআরএস বিভাগ আমন-২০২৬ মৌসুমের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-সহ মোট ৪৬৫ জন বীজ ব্যবসায়ীর মধ্যে ৯৭ টন ব্রিডার বীজ বিতরণ করবে। এরই মধ্যে বিএডিসির কাছে ৪২ টন ব্রিডার বীজ সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট ৫৫ টন বীজ বেসরকারি খাতের ৪৬৪ জন বীজ ব্যবসায়ীর মধ্যে বিতরণ করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাপ্ত ব্রিডার বীজ ব্যবহার করে বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা আমন মৌসুমে ভিত্তি বীজ উৎপাদন করবেন। পরবর্তীতে এসব ভিত্তি বীজ থেকে প্রত্যয়িত বীজ উৎপাদনের মাধ্যমে কৃষকদের কাছে উন্নত মানের ধানবীজ সরবরাহ নিশ্চিত করা হবে।
ব্রি কর্তৃপক্ষ জানায়, ব্রিডার বীজ বিতরণ কার্যক্রম আগামী ১৫ জুন ২০২৬ পর্যন্ত চলবে। উন্নত জাতের ধানের মানসম্মত বীজ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
প্রতিনিধি/আরএইচ