এইচবিবিসি ডেভেলপমেন্ট সোসাইটি নামক একটি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির এইচআরএম আব্দুর রশিদ খান।
শনিবার (১৩ জুন) দুপুরে তিনি জানান, এ বিষয়ে শুক্রবার সন্ধ্যায় রংপুর মহানগরীর গোল্ডেন টাওয়ারের একটি কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রশিদ খান বলেন, মাত্র ৯ মাসের ব্যবধানে এইচবিবিসি ডেভেলপমেন্ট সোসাইটি উত্তরাঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা বিকাশ এবং সঞ্চয়ভিত্তিক আর্থিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আস্থাশীল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে একটি কর্পোরেট অফিস, দুটি এরিয়া অফিস ও ১৩টি শাখা অফিসের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, প্রতিষ্ঠানের মে ২০২৬ মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সদস্যদের পার্টনারশিপ বিনিয়োগের পরিমাণ ৯ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা, সাধারণ সঞ্চয়ের পরিমাণ ১ কোটি ৩৩ লাখ ১০ হাজার টাকা এবং ভর্তি ফি বাবদ আদায় হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা। এসব কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ সদস্যদের আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়তা করা হচ্ছে।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ও জনআস্থাকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানের পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন বলেও অভিযোগ করা হয়। এছাড়া গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংরক্ষিত কিছু কম্পিউটার ও ল্যাপটপের ক্ষয়ক্ষতি এবং অনুপস্থিতির ঘটনাও প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানানো হয়।
বক্তব্যে আরও বলা হয়, এইচবিবিসি ডেভেলপমেন্ট সোসাইটি কোনো গুজব, অপপ্রচার বা ভিত্তিহীন তথ্যের ওপর পরিচালিত প্রতিষ্ঠান নয়। সদস্যদের অংশগ্রহণ, স্বচ্ছ প্রশাসনিক কাঠামো এবং জনকল্যাণমুখী কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানের সব বৈধ নথিপত্র, নিবন্ধন ও কার্যক্রমসংক্রান্ত তথ্য প্রশাসন, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সামনে উপস্থাপনে তারা সর্বদা প্রস্তুত রয়েছে।
তারা জানান, এইচবিবিসি ডেভেলপমেন্ট সোসাইটি আরজেএসসি নিবন্ধনপ্রাপ্ত প্রতিষ্ঠান। পাশাপাশি এইচবিবিসি ডেভেলপমেন্ট লিমিটেড, এইচবিবিসি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং এইচবিবিসি নেক্সজেন লিমিটেডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন ও ট্রেড লাইসেন্স রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিবিও বাবু রাম রায়, প্রচার ও সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান, জিএম সাবিনা ইয়াসমিন, জেডএন শাহিনুর বেগম এবং ব্রাঞ্চ ম্যানেজার কুলসুম বেগম।
প্রতিনিধি/আরএইচ