দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। দেশের ক্লাব ক্রিকেটের শীর্ষ এই টুর্নামেন্টে সবশেষ ২০০৯-১০ মৌসুমে শিরোপার স্বাদ পেয়েছিল তারা। সব মিলিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি মোহামেডানের দশম শিরোপা।
আজ শুক্রবার ঢাকা লিগের শেষ রাউন্ডের মহানাটকীয় ম্যাচে আবাহনী লিমিটেডকে হারিয়ে এবং অন্য ম্যাচে প্রাইম ব্যাংক হেরে যাওয়ায় নিশ্চিত হয় মোহামেডানের এই শিরোপা। বৃষ্টিবিঘ্নিত এই দিনে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে টিকে ছিল তিনটি দল। মোহামেডানের সামনে সমীকরণ ছিল—শিরোপা জিততে হলে নিজেদের তো জিততেই হবে, পাশাপাশি হারতে হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকেও। ভাগ্যের দারুণ সহায়তায় ঠিক সেটিই ঘটেছে আজ।
বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে আবাহনী লিমিটেডের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালায় মোহামেডান। নির্ধারিত ওভারে স্কোরবোর্ডে ৪০৬ রানের পাহাড়সম পুঁজি দাঁড় করায় তারা। জবাবে রান তাড়া করতে নেমে আবাহনী ২৪.৪ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান তোলার পর শুরু হয় বজ্রপাত ও তুমুল বৃষ্টি। আবহাওয়াজনিত কারণে এরপর আর খেলা চালানো সম্ভব না হলে ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে মোহামেডানকে ৬৩ রানে জয়ী ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।
মোহামেডানের জয়ের পাশাপাশি সবার নজর ছিল পাশের মাঠের দিকে, যেখানে ঢাকা লেপার্ডসের মুখোমুখি হয়েছিল শিরোপার আরেক দাবিদার প্রাইম ব্যাংক। প্রথমে ব্যাট করে তারা ৮ উইকেটে ২৬৬ রান সংগ্রহ করে। রান তাড়া করতে নেমে লেপার্ডস ২৯.১ ওভারে ৩ উইকেটে ১৪২ রান তোলার পর সেখানেও বৃষ্টি হানা দেয়। প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর ডিএলএস পদ্ধতিতে ঢাকা লেপার্ডসকে ৮ রানে জয়ী ঘোষণা করা হয়। প্রাইম ব্যাংকের এই পরাজয়েই নিশ্চিত হয়ে যায় মোহামেডানের চ্যাম্পিয়নশিপ।
লিগের সমীকরণ অনুযায়ী, ১১ ম্যাচ শেষে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে সমান ৮টি করে জয় নিয়ে ১৬ পয়েন্টে লিগ শেষ করেছে আবাহনী ও প্রাইম ব্যাংক। তবে মুখোমুখি লড়াই বা হেড-টু-হেড সমীকরণে এগিয়ে থাকায় রানার্সআপ ট্রফি গেছে আবাহনীর ঘরে।
দলের এমন ঐতিহাসিক জয়ে আনন্দের জোয়ার বইলেও মাঠে থাকতে না পারার এক বিশাল আক্ষেপ ঝরে পড়েছে মোহামেডানের নিয়মিত অধিনায়ক তাওহীদ হৃদয়ের কণ্ঠে। জাতীয় দলের ক্যাম্পে থাকায় বর্তমানে তিনি ব্যস্ত আছেন অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে।
দূর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক বার্তায় হৃদয় লিখেছেন, ‘১৬ বছর পর!! হ্যাঁ, দীর্ঘ ১৬ বছর পর আবার চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। আমার খুব ইচ্ছে ছিল এখন দলের সঙ্গে থাকার। আমি ওদের খুব মিস করছি, মিস করছি চ্যাম্পিয়ন হওয়ার উদযাপন আর অবশ্যই মিস করছি ট্রফিটা। দলের অধিনায়ক হিসেবে আমি ওদের জন্য অত্যন্ত গর্বিত, ওদের জন্য অনেক আনন্দিত এবং আনন্দের এই মুহূর্তে আমিও দূর থেকে ওদের সাথেই চোখে জল ফেলছি। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সকল ভক্ত-সমর্থকদের অনেক অনেক অভিনন্দন।’
এদিকে ঐতিহাসিক এই অর্জনের পর উল্লাসে ভাসছে মোহামেডান শিবির। নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে এক বার্তায় ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ‘অত্যন্ত আনন্দ ও উল্লাসের সাথে জানানো যাচ্ছে যে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০২৫-২০২৬ সিজনে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে পরাজিত করে একটি গৌরবময় চ্যাম্পিয়নশিপ জয় অর্জন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এই অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্রিকেট কমিটির চেয়ারম্যান, সংশ্লিষ্ট পরিচালক, কর্মকর্তা, সমর্থক ও সম্মানিত সদস্যদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।’
দেশবার্তা/একে