জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর, রাজশাহী ওয়াসা এবং সরকারি আবাসন পরিদপ্তরের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার।
গতকাল বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব দপ্তরে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ডি এম আতিকুর রহমানকে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর চাকরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামী ১৭ জুনের মধ্যে তাঁকে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ১৭ জুন তিনি তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
রাজশাহী কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক শাহানা আখতার জাহানকে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে। তাঁকেও ১৭ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় ওই দিন তিনি তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
অন্যদিকে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহিরুল ইসলাম খানকে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালকের পদেও রদবদল আনা হয়েছে। ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুল হককে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বাংলাদেশ পাটকল করপোরেশনের পরিচালক (যুগ্ম সচিব) এরশাদ হোসেন খান। তাঁকে ঢাকা ওয়াসার নতুন উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। অবসরে যাওয়ার সুবিধার্থে তাঁকে ওএসডি করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
দেশবার্তা/একে