কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৮(১) অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২ পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে চলতি বছরের এপ্রিলে জাতীয় সংসদে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস হওয়ার পর ২১ মে ২০২৬ তারিখে সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে।
নিয়োগের খবর পেয়ে উদবাতুল বারী আবু বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আমার ওপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন, কুমিল্লার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সেই দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।”
প্রতিনিধি/আরএইচ