ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১৮:২২
চলমান বার্তা:
বাউবির নতুন দায়িত্বে ড. আনিসুর রহমান ও ড. সিরাজুল ইসলাম
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১৭:০৬  (ভিজিটর : )

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন দুই প্রো-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) বিজ্ঞান, গণিত ও প্রযুক্তি শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

শুক্রবার (১২ জুন) সকালে গাজীপুরে অবস্থিত বাউবি ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের কাছে যোগদানপত্র পেশের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৪(১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য তাদের এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১১ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ নিয়োগ দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান নবনিযুক্ত দুই প্রো-উপাচার্যকে স্বাগত ও অভিনন্দন জানান। তিনি বলেন, বাউবি দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে শিক্ষা থেকে বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করে আসছে।

উপাচার্য জানান, বর্তমানে শিক্ষার্থী ভর্তির সংখ্যার দিক থেকে বাউবি দেশের তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। দেশের ১২টি আঞ্চলিক ও ৬৩টি উপ-আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি দক্ষিণ কোরিয়া, ইতালি ও সৌদি আরবসহ সাতটি দেশেও এর কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নবনিযুক্ত দুই প্রো-উপাচার্যের অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে।

অনুষ্ঠানে বাউবির সাবেক ট্রেজারার ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি.এম. আহমেদ হুসেইন, বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক, পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি ১৯৯৮ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিন দশকেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত ড. আনিসুর রহমান মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, ইএমবিএ প্রোগ্রামের পরিচালক এবং সার্জেন্ট জহুরুল হক হলের হাউস টিউটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ও গবেষণার অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলন ও একাডেমিক কার্যক্রমে অংশ নিয়েছেন। তাঁর একাধিক গবেষণা গ্রন্থ এবং অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, এনজিও ও গবেষণা সংস্থার অর্থনৈতিক ও বিপণন পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর জাপানের হোক্কাইদো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। তিনি তাইওয়ানের ন্যাশনাল চিয়াও তুং বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উন্মুক্ত ও দূরশিক্ষণ বিষয়ে তিনি থাইল্যান্ডের সুখোথাই থাম্মাথিরাত ওপেন ইউনিভার্সিটি এবং ভারতের ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০০৬ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

এর আগে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে দায়িত্ব পালনকালে মডিউলার পাঠ্যপুস্তক প্রণয়ন, দূরশিক্ষণ কার্যক্রমের স্ক্রিপ্ট রচনা এবং পরীক্ষা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তিনি বাউবির একাডেমিক প্ল্যানিং কমিটির সদস্য।

এছাড়া ইউনিসেফ বাংলাদেশ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন শিক্ষা উন্নয়ন প্রকল্পে ‘কী এক্সপার্ট’ ও পরামর্শক হিসেবে কাজ করেছেন। দেশি-বিদেশি স্বনামধন্য জার্নালে তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সর্বশেষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসিন হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
মেসি-নেইমার দ্বৈরথ: শোবিজের তারকারা কে কোন দলে?
মেসি-নেইমার দ্বৈরথ: শোবিজের তারকারা কে কোন দলে?
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর, ওয়াসাসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে রদবদল
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর, ওয়াসাসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে রদবদল
বেসরকারি বিনিয়োগে মন্দা, বাজেটের লক্ষ্য নিয়ে যা বলছে সিপিডি
বেসরকারি বিনিয়োগে মন্দা, বাজেটের লক্ষ্য নিয়ে যা বলছে সিপিডি
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg