সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (১৫ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৫ জুন) রাত ১টার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বড় হোগলডোরা খালসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কৈখালীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল এবং অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত ফেন্সিডিল ও ওষুধের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “চোরাচালান ও মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”
প্রতিনিধি/আরএইচ