ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ১৫ জুন ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১৫ জুন, ২০২৬, ২০:২১
চলমান বার্তা:
আদ-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক
মন্ত্রীর পিছনে টাকা নিয়ে ঘুরেছি, প্রমাণ করতে হবে
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১৮:৩০  (ভিজিটর : )

স্বাস্থ্যমন্ত্রী যদি দাবি করে থাকেন যে, আদ-দ্বীন হাসপাতাল তার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তাহলে সেই অভিযোগের প্রমাণ তাকেই দিতে হবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।

সোমবার বিকেলে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়ে ডা. শেখ মহিউদ্দিন বলেন, টাকা নিয়ে কেন ঘুরব। এমন কিছু করিনি।

একই সঙ্গে লাইসেন্স ফিরে পেতে আগামীকাল মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করবে বলেও জানান তিনি।

ছয় নবজাতকের মৃত্যু ও লাইসেন্স বাতিল

এর আগে, গত ১১ জুন ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার। একই সঙ্গে তিন দিনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন সব রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সরকারের আকস্মিক এই লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর চরম বিপাকে পড়েন সেখানে চিকিৎসাধীন সাধারণ রোগীরা।

স্বাস্থ্যমন্ত্রীর সেই বিস্ফোরক মন্তব্য

আদ-দ্বীনের লাইসেন্স বাতিল নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে গত ১৩ জুন নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি দাবি করেন, লাইসেন্স বাঁচাতে হাসপাতাল কর্তৃপক্ষ কোটি কোটি টাকা নিয়ে তার পেছনে ঘুরেছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ‘এই যে আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কোনো টাকার প্রতি লোভ হয় নাই। প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন, আমি পূর্ণ সমর্থন দেব। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।’

জামায়াত নেতাদের সমালোচনার জবাব দিতে গিয়ে মন্ত্রী আরও বলেন, ‘আর জামায়াতের লোকেরা বলে, এটা নাকি বেইনসাফ হইছে। মানে, ওই ব্যাটাও জামায়াত করে। মানুষকে ধোঁকা দেয়। কয়েকটা টাকা কম নেয়। ছয়টা বাচ্চাকে মেরে ফেলছে। ওরা এখন উনার পক্ষে কথা বলে। কথা বলুক আর যাই করুক, লাইসেন্স বাতিল করছি তো করছিই। এই একটা শাস্তি সারা বাংলাদেশের বেসরকারি হাসপাতালগুলো ঠিক হয়ে যাবে। মানুষকে সেবা দিতে হবে। সস্তার কথা বলে টাকা কম নেয়! আরে কী কম নেয়? ছয়টা মায়ের কোল খালি করছে।’

স্বাস্থ্যমন্ত্রীর এমন কড়া বক্তব্যের একদিন পরই সোমবার সংবাদ সম্মেলনে আসেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। মন্ত্রীর করা কোটি কোটি টাকার লেনদেনের চেষ্টা এবং ধোঁকা দেওয়ার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেন তিনি।

ডা. শেখ মহিউদ্দিন স্পষ্ট জানিয়ে দেন, হাসপাতালটির চিকিৎসা সেবা ও সুনাম রক্ষায় তারা নিয়মতান্ত্রিক পথেই হাঁটবেন। অন্যায়ভাবে লাইসেন্স বাতিলের বিরুদ্ধে নিজেদের অধিকার ফিরে পেতে আগামীকাল মঙ্গলবারই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক আপিল আবেদন জমা দেবে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?
কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?
হাম ও উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু
হাম ও উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg