সরকারি স্কুলের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এবং তাদের উচ্চশিক্ষায় সহায়তার লক্ষ্যে একটি বিশেষ বৃত্তি প্রকল্প চালু করেছেন জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও তার স্ত্রী অভিনেত্রী রাশমিকা মান্দানা।
রোববার (১৪ জুন) বিজয়ের বাবার পৈত্রিক গ্রাম তেলেঙ্গানার আচামপেট মণ্ডলের থুম্মানপেটে গিয়ে তারা এই উদ্যোগের সূচনা করেন।
‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে এই অঞ্চলের ১৮০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যাত্রার মুহূর্ত শেয়ার করে বিজয় লেখেন, ‘আমরা থুম্মানপেটের পথে, যেখানে আমার বাবার জন্ম। গত ফেব্রুয়ারিতে রাশমিকা এবং আমি একটি ছোট স্বপ্নের কথা ঘোষণা করেছিলাম- তেলেঙ্গানার আচামপেটের নবম ও দশম শ্রেণীর সব পরিশ্রমী শিক্ষার্থীদের পুরস্কৃত করা। এখানে ১৮০ জন শিশুর তালিকা দেওয়া হলো, যারা তাদের বাবা-মাকে গর্বিত করেছে।’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিজয় বলেন, ‘আপনাদের এই বৃত্তি দেওয়াটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের জীবনের অংশ হতে চাই। নিজের গ্রাম দিয়ে শুরু করলাম, তবে ধীরে ধীরে আমার এই উদ্যোগ পুরো তেলেঙ্গানা জুড়ে ছড়িয়ে দিতে চাই। এটাই আমার স্বপ্ন।’
স্থানীয় বাসিন্দারা গ্রামীণ সরকারি স্কুলের প্রতিভা বিকাশের এই পদক্ষেপকে দারুণভাবে স্বাগত জানিয়েছেন।
অনুষ্ঠানে রাশমিকাও বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘আজ আমি ‘দ্য দেবরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে একটি ভালো কাজ শুরু করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের শ্বশুরমশাইয়ের গ্রাম থেকে এটি শুরু করব। আজ আমি আপনাদের সামনে রাশমিকা মান্দানা দেবেরাকোন্ডা হিসেবে দাঁড়িয়ে কথা বলতে পেরে খুবই উচ্ছ্বসিত।’
তিনি শিক্ষার্থীদের সাফল্য ও ব্যর্থতা- উভয়কেই মেনে নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানটির বেশ কিছু ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। এর মধ্যে একটি ভিডিওতে রাশমিকাকে যত্নে বিজয়ের মুখের ঘাম মুছে দিতে দেখা যায়, যা ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। বাস্তব জীবনের পাশাপাশি পর্দাতেও আবার একসঙ্গে দেখা যাবে এই তারকা দম্পতিকে।
ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত তাদের পরবর্তী সিনেমা ‘রণবালী’ আগামী ১১ই সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।
দেশবার্তা/একে