পাহাড় আর প্রকৃতির অপূর্ব দেশ নেপাল। সম্প্রতি দেশটির কিছু নৈসর্গিক জায়গায় ভ্রমণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেখানকার নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে চলেছেন তিনি। এবার নেপালের বুক থেকেই ভক্তদের জন্য এক ‘শান্তি’র ঠিকানা খুঁজে দিলেন এই অভিনেত্রী।
প্রভার মতে, কেউ যদি শহুরে কোলাহল ছেড়ে একদম নিরিবিলি ও প্রশান্তিতে সময় কাটাতে চান, তবে তার দেওয়া ঠিকানাই হতে পারে সেরা গন্তব্য। এর জন্য নেপালের ‘দ্য ক্লিফ রিসোর্ট’ নামের একটি রিসোর্টকে বিশেষভাবে সুপারিশ করেছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে প্রভা লেখেন, ‘আপনি যদি আমার মতো জনাকীর্ণ পর্যটনকেন্দ্রের চেয়ে শান্ত ও নিরিবিলি স্থান পছন্দ করেন, তাহলে পোখারার লেকসাইড এলাকায় না থেকে অবশ্যই কুশমায় থাকার পরামর্শ দেব। এখানে বেশ কিছু অসাধারণ দর্শনীয় স্থান রয়েছে, তবে আমার সবচেয়ে পছন্দের এবং স্পেশালি সুপারিশ করার মতো জায়গা হলো দ্য ক্লিফ রিসোর্ট।’
রিসোর্টটির প্রশংসা করে প্রভা আরও জানান, এর অবস্থান যেমন নৈসর্গিক, তেমনি সুযোগ-সুবিধাও চমৎকার। সেখানে আভিজাত্যের সঙ্গে প্রশান্তির এক অপূর্ব সমন্বয় রয়েছে।
ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে প্রভা লেখেন, আমি সবাইকে জোর দিয়েই পরামর্শ দিচ্ছি, ‘দ্য ক্লিফ’-এ অন্তত একটা রাত কাটানোর জন্য। নেপাল ভ্রমণে গেলে এ জায়গাটি কোনোভাবেই মিস করা উচিত নয়।
এদিকে নেপাল ভ্রমণ থেকেই প্রভার সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্ট নতুন সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করছেন নেটিজেনরা। যদিও এ বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি, তবে তার অনুরাগীদের মধ্যে কানাঘুষা চলছে- অভিনেত্রী হয়তো নতুন করে কোনো সম্পর্কে থিতু হতে চলেছেন।
দেশবার্তা/একে