খুলনার ডুমুরিয়া উপজেলার রুস্তমপুর আশ্রয়ণ প্রকল্প-সংলগ্ন খাল খনন ও মাটি ভরাট কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ এস এম আব্দুল আউয়াল।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টায় তিনি বিশেষ সফরে প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এস এম আব্দুল আউয়াল বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের টেকসই পুনর্বাসন নিশ্চিত করা হচ্ছে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জীবনমান উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই খাল খনন ও মাটি ভরাট কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত। তিনি বলেন, “আশ্রয়ণ প্রকল্পের সার্বিক নিরাপত্তা এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাল খননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি ভরাটকৃত ভূমিতে বাসিন্দাদের জন্য নতুন কর্মসংস্থান ও উন্নত বসবাসের পরিবেশ সৃষ্টি হবে।”
পরিদর্শনকালে মুখ্য সমন্বয়ক ও জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস সবিতা সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।
পরিদর্শন শেষে অতিথিরা প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় উপকারভোগী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস সবিতা সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস প্রকল্পের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপস্থিত কর্মকর্তাদের অবহিত করেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকল্পটির দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ডুমুরিয়া আশ্রয়ণ এলাকার দৃশ্যপট উল্লেখযোগ্যভাবে বদলে যাবে এবং বাসিন্দাদের জীবনমান আরও উন্নত হবে।
প্রতিনিধি/আরএইচ