ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২৯ জুন ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: রোববার, ২৮ জুন, ২০২৬, ২১:০৬
চলমান বার্তা:
শিল্পী সমিতি নির্বাচনে মুক্তির পক্ষে ওমর সানীর সমর্থন
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১৭:২৪  (ভিজিটর : )

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ফের সরগরম হয়ে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে চমক দেখিয়েছেন একসময়ের পরিচিত মুখ ও চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। চলচ্চিত্রের অন্য অনেক সহশিল্পীর মতো এবার তাঁর প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

মজার বিষয় হলো, ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের আলো’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয়েছিল মুক্তির। আর এই সিনেমাটি ছিল ওমর সানীর ক্যারিয়ারেরও প্রথম চলচ্চিত্র। দীর্ঘ বছর পর নিজের প্রথম নায়িকার নির্বাচনী মাঠে সশরীরে হাজির হলেন এই নায়ক।

সম্প্রতি এফডিসিতে এসে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুক্তিকে সমর্থন জানিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ওমর সানী। আবেগপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘ও (মুক্তি) আমার প্রথম সিনেমার নায়িকা। আমি মুক্তিকে আশীর্বাদ দিতে এফডিসিতে এসেছি। আমি যদি এটা না করি, তাহলে আমার কর্মজীবনের সঙ্গে গাফিলতি হবে। আমি চাই মুক্তি ভালো কিছু করুক।’

এবারের নির্বাচনে মুক্তির সঙ্গে একই প্যানেলে সভাপতি পদে লড়ছেন জ্যেষ্ঠ অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান। প্যানেলের সভাপতি প্রার্থীকে নিয়ে ওমর সানী বলেন, ‘আরমান ভাইয়ের সান্নিধ্যে থেকেই আমরা অনেক বড় হয়েছি। শিল্পী সমিতি একটা সময় গিয়ে ভঙ্গুর অবস্থায় ছিল। রীতিমতো জোরজবরদস্তির একটা রাজত্ব কায়েম হয়েছিল। গত ১০ বছরে দু-একবার এরকম অনেক ফ্লাকচুয়েট হয়েছে। সেই জোরজবরদস্তির মায়াজাল এবার নেই। আমি মুক্তির জায়গাটা অনেক উজ্জ্বল দেখতে চাই। আমি ওপেন মুক্তির সঙ্গে আছি। যারা যারা মুক্তির প্যানেলে আছে, তাদের সবার জন্য শুভকামনা।’

চলচ্চিত্রের সিনিয়র শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অভিনেতা আরও বলেন, ‘আরমান ভাই অনেক সিনিয়র। আমাদের তুই-তুমি বলা মানুষগুলো হারিয়ে গেছে, এখন হাতেগোনা কয়েকজন আছে। আরমান ভাই সভাপতি প্রার্থী হওয়াতে আমি সারপ্রাইজ হয়েছি। তিনি সবকিছু দিয়ে সিনেমা ভালোবাসেন। আরমান ভাই, মুক্তি, কমলদের আল্লাহ অনেক কিছু দিয়েছেন। এরা এফডিসিতে না আসলে কিছু যায় আসে না, কেবল ভালোবেসে আসে। এই মানুষগুলোকে কাজের সুযোগ দেওয়া দরকার।’

এফডিসিতে আসার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও মুক্তির পক্ষে জোরালো প্রচারণা চালাচ্ছেন ওমর সানী। ফেসবুকে ‘চাঁদের আলো’ সিনেমার একটি পোস্টার ও মুক্তির ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার প্রথম সিনেমার নায়িকা, শ্রদ্ধেয় আনোয়ারা খালার সুযোগ্য কন্যা মুক্তি শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছে। ওর জন্য আমার মন থেকে অনেক দোয়া ও শুভকামনা রইল।’

এদিকে ক্যারিয়ারের প্রথম নায়কের এমন অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুক্তি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সমুদ্রের যেমন কূলকিনারা নেই, এই খুশিরও তেমন কূলকিনারা নেই। আমার প্রথম সিনেমার নায়ক ওমর সানী ভাই আমাকে দোয়া দিতে এসেছেন। তিনি আগে থেকেই দোয়া দিয়েছেন, এবার গণমাধ্যমের সামনে দিলেন। তাঁকে পাশে পেয়ে আমি ভীষণ খুশি।’

উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা ও কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার মেয়ে মুক্তি। দীর্ঘদিন ধরে রূপালি পর্দা থেকে দূরে থাকলেও চলচ্চিত্রের মানুষদের সুখে-দুঃখে সবসময় পাশে দেখা গেছে তাঁকে। এবার সরাসরি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়ার সিদ্ধান্ত নিয়ে রাজকীয়ভাবে আলোচনায় এলেন এই অভিনেত্রী।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।