আইএফআইসি ব্যাংক পিএলসির ৪৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) ঢাকার আর্মি গলফ ক্লাবে হাইব্রিড পদ্ধতিতে (সরাসরি ও ভার্চুয়াল) এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. মেহমুদ হোসেন।
সভাপতির বক্তব্যে মো. মেহমুদ হোসেন বলেন, শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের আস্থা সুদৃঢ় করা এবং দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। ব্যাংকের আর্থিক ভিত্তি ও সম্পদের গুণগত মান উন্নয়ন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকসেবার উৎকর্ষ নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে একাধিক কৌশলগত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই উদ্যোগগুলো ভবিষ্যতে ব্যাংকের ব্যবসায়িক সক্ষমতা ও প্রতিযোগিতামূলক উন্নতি নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও ব্যাংকিং খাতের বিদ্যমান চ্যালেঞ্জের মধ্যেও ব্যাংকের আমানত প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন শেয়ারহোল্ডাররা। তাঁরা বর্তমান পরিচালনা পর্ষদের নেতৃত্বে ব্যাংকের ইতিবাচক অগ্রযাত্রার প্রশংসা করেন।
এজিএমে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন এবং নিরীক্ষক নিয়োগসহ নির্ধারিত সব এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোকাম্মেল হক সভাটি পরিচালনা করেন। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. এবতাদুল ইসলাম, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক জনাব কাজী মো. মাহবুব কাশেম, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মো. গোলাম মোস্তফা, আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালক মুহাম্মদ মনজুরুল হক এবং ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা।
দেশবার্তা/একে