জুলাই আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের এক নারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গতকাল শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর প্রতিনিধিরা শাহবাগ থানায় হাজির হয়ে এই লিখিত অভিযোগ জমা দেন।
শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন, আন্দোলনের স্মৃতি এবং শহীদদের আত্মত্যাগকে অবমাননা করে নানা ধরনের মন্তব্য ও প্রচার চালিয়েছেন। এসব কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি ও তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
অভিযোগকারীদের দাবি, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অথচ একটি মহল এই আন্দোলনকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এর তাৎপর্য খাটো করার অপচেষ্টা চালাচ্ছে।
জিডিতে শান্তা ফারজানা নামের অভিযুক্ত নারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট একটি অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন।
এই ভিডিওটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে অভিযোগকারীরা জানান।
এ বিষয়ে শাহবাগ থানা-পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের এসব পোস্ট ও ভিডিওর সত্যতা যাচাইয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা ও প্রমাণ মিললে আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দেশবার্তা/একে