ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে চলছে ব্যাপক প্রস্তুতি। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সফরকালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এছাড়া তিনি ক্যাম্পাসে বৃক্ষরোপণ করবেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেবেন। অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে শিক্ষার্থীরা আশা করছেন, দেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ এ চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তাদের মতে, প্রধানমন্ত্রীর এই সফর শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক ও কর্মকর্তাদের আরও অনুপ্রাণিত করবে।
ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ–অভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ে ঢাকা মেডিকেল কলেজের অবদান স্মরণীয়। তিনি আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর এই সফর কলেজের উন্নয়নে নতুন গতি আনবে।
ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুর রহমান নোমান বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঢাকা মেডিকেল পরিবারের জন্য গৌরব ও নতুন আশার বার্তা নিয়ে আসবে।
তার মতে, এ আয়োজন প্রতিষ্ঠানের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে দায়িত্বশীল নেতৃত্ব ও সেবার আদর্শে উদ্বুদ্ধ করবে।
দেশবার্তা/এসবি/একে