রাজধানী ঢাকায় ভরা মৌসুমেও চড়া দামে বিক্রি হচ্ছে আম। আম্রপালি, ফজলি, সুরমা, ব্যানানা ও বারি জাতের বিভিন্ন আম মানভেদে প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৬০ টাকায়। এমনকি ভ্যানেও ৮০ টাকার নিচে মিলছে না ভালো কোনো আম।
শুক্রবার (১০ জুলাই) বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। দেশে আমের মৌসুম সাধারণত মে মাস থেকে শুরু হয়ে সেপ্টেম্বর পর্যন্ত চলে, তবে মূল ভরা মৌসুম হলো জুন ও জুলাই।
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলা থেকে আসা আম্রপালি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকা কেজি। এক্ষেত্রে কালচে রং পড়া ও বেশি পেকে যাওয়াগুলো বিক্রি হচ্ছে ১০০ টাকায়। আর কম পাকা ও সতেজ আম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। গত সপ্তাহেও ভালো মানের আম্রপালি বিক্রি হয়েছে ১১০ টাকায়।
এছাড়া কেজিপ্রতি সুস্বাদু বারি আম ১০০ থেকে ১২০ টাকা, টক-মিষ্টি সুরমা আম ১১০ টাকা, ফজলি ১২০ থেকে ১৩০ টাকা আর ব্যানানা ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
মিরপুর ১১ নম্বর কাঁচাবাজারের ফল বিক্রেতা সুজন মিয়া বলেন, ‘ল্যাংড়া আমের সিজন শেষ। আম্রপালিও আর বেশি দিন পাওয়া যাবে না। এছাড়া আমের ক্রেতা কিছুটা কমেছে। সবকিছু মিলিয়ে দাম বাড়তি। তবে বারি ও সুরমা আম কিছুটা কম দামে বিক্রি হচ্ছে।’
রাইনখোলা বাজারের ফল বিক্রেতা আলমগীর বলেন, ‘এখন ফজলি আমের সিজন। এই আমটাই বেশি বিক্রি হবে। মানুষ আম কিনছে কম। এ মাসের পর আম পাওয়া যাবে না আর।’
মিরপুর অরজিনাল ১০ নম্বর ফল বাজারে আম কিনতে আসা মিনহাজ উদ্দিন বলেন, ‘এখনো আম্রপালি আছে। যতোদিন বাজারে থাকবে ততোদিন কিনব। আজ চার কেজি আম্রপালি ও এক কেজি সুরমা আম নিয়েছে। সিজন শেষের দিকে, আমের দাম তাই কিছুটা বাড়তি।’ এদিকে পাড়া-মহল্লার ভ্যানগুলোতেও আম্রপালি বিক্রি হচ্ছে। মানভেদে এ আম পাওয়া যাচ্ছে ৮০ থেকে ১২০ টাকা কেজিতে।
দেশবার্তা/এমআর