ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১২ জুলাই ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২১:১১
চলমান বার্তা:
বেলজিয়ামকে বিদায় করে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১৩:০৮ আপডেট: ১১.০৭.২০২৬ ১৪:১৯  (ভিজিটর : )

থিবো কোর্তোয়ার চোট যেন বদলে দিল ম্যাচের ভাগ্য। বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক মাঠ ছাড়ার পর বদলি নেমে ভুল করেন সেনে লামেন্স, আর সেই সুযোগ কাজে লাগিয়ে শেষদিকে মিকেল মেরিনোর জয়সূচক গোলে সেমিফাইনাল নিশ্চিত করে স্পেন।

শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল। সে ম্যাচে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়েছে লা রোহা। শেষ চারে তাদের প্রতিপক্ষ ফ্রান্স।

এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে স্পেন। তবে ডেডলক ভাঙতে তাদের অপেক্ষা করতে হয় ৩০ মিনিট পর্যন্ত। দারুণ এক আক্রমণে প্রথম দানি ওলমোর প্রচেষ্টা ঠেকিয়ে দেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে ফিরতি শটে লক্ষ্যভেদ করেন রুইজ।

৪১তম মিনিটে সমতায় ফেরে বেলজিয়াম। টিমোথি কাস্তানিয়ে দারুণ এক ক্রস থেকে অসাধারণ হেডে সরাসরি লক্ষ্যভেদ করেন কেটেলারার। এতে বিশ্বকাপে টানা ৬০০ মিনিটেরও বেশি সময় গোল না খাওয়া স্পেন অবশেষে গোল হজম করল। দ্বিতীয়ার্ধে বড় ধরনের ধাক্কা খায় বেলজিয়াম। চোটের শিকার হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন গোলরক্ষক থিবো কোর্তোয়া। কোর্তোয়ার পরিবর্তে স্পেনের আক্রমণভাগকে আটকানোর কঠিন দায়িত্ব নিয়ে গোলপোস্টের নিচে বদলি হিসেবে নামেন তরুণ গোলরক্ষক সেনে ল্যামেন্স।

ম্যাচের ৮৮তম মিনিটে বেলজিয়ামের ডি-বক্সের ভেতর সৃষ্টি হওয়া জটলা থেকে বল পেয়ে যান স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো। বল পাওয়া মাত্রই কোনো ভুল না করে ঠান্ডা মাথায় নিখুঁত শটে বল গোলপোস্টের একদম মাঝখান দিয়ে জালের ঠিকানায় পাঠান তিনি। এরপর ম্যাচে আর কোনো গোল আসেনি। ফলে ২-১ গোল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন স্পেন।

আগামী ১৪ জুলাই ডালাসে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম আবার ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে তারা।
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।