ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১২ জুলাই ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২১:১১
চলমান বার্তা:
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে ইংল্যান্ড-নরওয়ে ম্যাচে জিতবে কারা?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২০:৪০  (ভিজিটর : )

বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় কোয়ার্টার ফাইনালে আজ রাতে মায়ামিতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নরওয়ে। কাগজে-কলমে ও পরিসংখ্যানে ইংল্যান্ড এগিয়ে থাকলেও নরওয়ের সাম্প্রতিক ফর্ম এই ম্যাচকে শেষ আটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে পরিণত করেছে। তবে অপটার সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডেরই পাল্লা ভারী।

সুপারকম্পিউটারের হিসাব মতে, ইংল্যান্ডের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা ৬১.৭ শতাংশ। বিপরীতে প্রথমবারের মতো বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ের জয়ের সম্ভাবনা ৩৮.৪ শতাংশ।

ইতিহাসে ১১তম বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলছে থ্রি লায়ন্সরা। ব্রাজিল ও জার্মানির পর তারাই সবচেয়ে বেশিবার শেষ আটে উঠেছে। তবে আগের ১০টি কোয়ার্টার ফাইনালের মাত্র ৩টিতে জিততে পেরেছে তারা। এবার থমাস টুখেলের দলের মূল ভরসা ফর্মের তুঙ্গে থাকা হ্যারি কেইন (৬ গোল) ও জুড বেলিংহ্যাম (৪ গোল)।

অন্যদিকে নরওয়ের মূল অস্ত্র স্ট্রাইকার আর্লিং হালান্ড, যিনি চলতি বিশ্বকাপে ৪ ম্যাচে ৭ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে আছেন। আজ গোল করলে ১৯৭০ সালের গার্ড মুলারের পর প্রথম ইউরোপীয় হিসেবে বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচেই গোল করার কীর্তি গড়বেন তিনি। দল হিসেবে নরওয়ে ৫ ম্যাচে ১২ গোল করার পাশাপাশি হজম করেছে ৯টি। ব্রাজিলকে হারিয়ে শেষ আটে আসা স্টালে সলবাকেনের দল যেকোনো অঘটন ঘটাতে প্রস্তুত।

অতীত পরিসংখ্যানও ইংল্যান্ডের পক্ষে কথা বলছে। দুই দলের ১২ বারের দেখায় নরওয়ে জিতেছে মাত্র দুটি ম্যাচে। এমনকি শেষ চার ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে কোনো গোলই করতে পারেনি তারা। অপটার হিসাব থ্রি লায়ন্সদের এগিয়ে রাখলেও, মাঠের লড়াইয়ে সেই সংখ্যাকে ভুল প্রমাণ করতে চাইবে নরওয়ে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।