আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই মাঠে গড়াতে যাচ্ছে চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। অলিখিত এই ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। অনেকেই মনে করছেন, এই ম্যাচে যে জিতবে, আগামী ১৯ জুলাই শিরোপা জিতে তারাই শেষ হাসি হাসবে। এ কারণে এই ম্যাচটিকে ফাইনালের আগে ফাইনালও বলা হচ্ছে।
১৫ জুলাই যুক্তরাষ্ট্রের ডালাসে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে। হাইভোল্টেজ এই ম্যাচের আগেই চড়ে বসেছে উত্তেজনার পারদ। মাঠের বাইরে কথার উত্তাপ ছড়াচ্ছেন দুই দলের ফুটবলাররাই। উত্তাপে গা ভাসাচ্ছেন তাদের ভক্ত-সমর্থকরাও। ম্যাচ শুরুর আগে দেখে নেওয়া যাক, এবারের বিশ্বকাপে মাঠের পরিসংখ্যানে কোন দল এগিয়ে?
এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি পাস আদান-প্রদান করা দলগুলোর একটি স্পেন। সেমিফাইনালে ওঠা দলগুলোর মধ্যে এখন পর্যন্ত শুধু আর্জেন্টিনাই তাদের চেয়ে গড়ে বেশি পাস খেলেছে বলে জানিয়েছে ফিফা।
সেমিফাইনাল পর্যন্ত আসতে নিজেদের ৬ ম্যাচে স্পেন মোট ৪ হাজার ৭৫টি পাস দিয়েছে। অর্থাৎ, প্রতি ম্যাচে গড়ে তারা ৬৭৯.২টি পাস দিয়েছে। তাদের গড় পাস ফ্রান্সের গড় পাসের (৫৬১.৫টি) চেয়ে ২১ শতাংশ বেশি। এছাড়া স্পেনের পাস সফলতার হার ৯১ শতাংশ, আর ফ্রান্সের ৯০ শতাংশ।
তবে শটের দিক থেকে স্পেনের চেয়ে ফ্রান্স এগিয়ে। চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ পর্যন্ত দুই দলই ১১০টি করে শট নিয়েছে। তবে ফ্রান্সের ১১০ শটের মধ্যে ৪৭টি ছিল লক্ষ্যে, যার ১৬টিই গোলে পরিণত হয়েছে। অন্যদিকে স্পেনের ৪০টি শট ছিল লক্ষ্যে এবং তারা গোল করেছে ১১টি।
আক্রমণে দুই দলের কৌশলেও রয়েছে পার্থক্য। স্পেন আক্রমণে ক্রসের ওপর বেশি নির্ভর করে। প্রতি ম্যাচে গড়ে ২৪.৩টি ক্রস করে তারা। এর তুলনায় ফ্রান্স প্রতি ম্যাচে গড়ে ১৬.৫টি ক্রস করে।
শৃঙ্খলার দিক থেকেও কিছুটা এগিয়ে ফ্রান্স। দিদিয়ের দেশমের দল এখন পর্যন্ত ৫৯টি ফাউল করেছে, যা প্রতি ম্যাচে প্রায় ১০টি। অন্যদিকে স্পেন ফাউল করেছে ৬৮টি, অর্থাৎ ম্যাচপ্রতি গড়ে ১১.৩টি।
কার্ডের হিসাবেও স্পেন কিছুটা পিছিয়ে। এখন পর্যন্ত তারা ৫টি হলুদ কার্ড দেখেছে। অন্যদিকে ফ্রান্সের হলুদ কার্ডের সংখ্যা ৪টি। তবে সেমিফাইনালের আগে সব হলুদ কার্ডের হিসাব মুছে দেওয়ায় কোনো খেলোয়াড়ই নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি মিস করবেন না।
এদিকে স্পেনের বিপক্ষে ফ্রান্সের সাম্প্রতিক স্মৃতি অবশ্য খুব একটা সুখকর নয়। ২০২৪ ইউরো সেমিফাইনালের পর ২০২৫ সালে উয়েফা নেশনস লিগেও স্প্যানিশদের কাছে হারতে হয়েছিল লে ব্লুদের। নেশনস লিগের সেমিফাইনালে ফ্রান্সকে ৫-৪ ব্যবধানে হারিয়েছিল স্পেন। এবার সেই হিসাব চুকানোর সুযোগ পাচ্ছেন দিদিয়ের দেশমের শিষ্যরা।
দেশবার্তা/এমআর