ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৫ জুলাই ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২০:২৩
চলমান বার্তা:
শেষ মুহূর্তে ‘গোপন অস্ত্র’ সামনে আনবেন স্কালোনি?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১৪:৩৯  (ভিজিটর : )

ফিফা বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার (১৫ জুলাই) রাতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। হাইভোল্টেজ এই সেমিফাইনালকে সামনে রেখে কানসাস সিটিতে নিজেদের শেষ অনুশীলন সেরে আটলান্টায় পৌঁছেছে লিওনেল স্কালোনির দল। মর্যাদার এই লড়াইয়ে আর্জেন্টিনার শুরুর একাদশে দুটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দেশটির ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

সোমবারের অনুশীলনে আর্জেন্টিনার ফুটবলাররা শুরুতে হালকা ওয়ার্ম-আপ করেন। এরপর বল নিয়ে ছোট পরিসরের পাসিং অনুশীলন এবং একটি সংক্ষিপ্ত প্রস্তুতি ম্যাচে অংশ নেন তারা। তবে স্কালোনি এখনো সম্ভাব্য শুরুর একাদশ নিয়ে নিজের পরিকল্পনা পুরোপুরি গোপন রেখেছেন।

ধারণা করা হচ্ছে, ম্যাচের আগের দিন আটলান্টায় শেষ অনুশীলন সেশনেই দলের মূল কৌশল, রক্ষণভাগের পরিকল্পনা এবং সেট-পিস নিয়ে চূড়ান্ত ছক কষবেন আলবিসেলেস্তেদের মাস্টারমাইন্ড।

সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে জেতা ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স প্রত্যাশামতো ছিল না। প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হওয়ার পরও জয় পেতে আর্জেন্টিনাকে খেলতে হয়েছে অতিরিক্ত ৩০ মিনিট। সেই মলিন পারফরম্যান্সের পরেও কোচ স্কালোনি তার চেনা ও নিয়মিত একাদশের ওপরই ভরসা রাখতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে।

মিশরের বিপক্ষে যে একাদশ খেলিয়েছিলেন, সুইজারল্যান্ডের বিপক্ষেও একই দল মাঠে নামিয়েছিলেন স্কালোনি। কোচের মতে, মিশরের বিপক্ষে তার দল ম্যাচ নিয়ন্ত্রণ করেছিল এবং পর্যাপ্ত সুযোগও তৈরি করেছিল। সমস্যা ছিল মূলত গোলমুখে ফিনিশিংয়ের ব্যর্থতা এবং রক্ষণভাগের কয়েকটি ছোট ভুল।

তবে ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কিছু পরিবর্তনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে মাঝমাঠের পারফরম্যান্স নিয়ে কোচিং স্টাফ এখনো পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি। চোট না থাকলেও ক্র্যাম্পের কারণে লিয়ান্দ্রো পারেদেস কিছুটা ভুগছেন, তবে তা বড় কোনো সমস্যা নয় বলেই জানা গেছে।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের বিপক্ষে কিছুটা রদবদল বা কৌশলগত পরিবর্তন আসতে পারে আর্জেন্টিনার একাদশে। ডান প্রান্তে নাহুয়েল মোলিনার জায়গায় সুযোগ পেতে পারেন গঞ্জালো মন্টিয়েল। আর মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে দেখা যেতে পারে নিকোলাস গনসালেসকে।

তবে মাঠের লড়াই শুরুর আগে নিশ্চিত করে কিছু বলার উপায় নেই। ম্যাচের আগমুহূর্ত পর্যন্ত একাদশ গোপন রাখাই স্কালোনির পুরনো অভ্যাস। ম্যাচের ঠিক আগে ড্রেসিংরুমে শেষ দলীয় বৈঠক না হওয়া পর্যন্ত নিজের চূড়ান্ত পরিকল্পনা প্রকাশ করেন না তিনি। ফলে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনা কোন ‘গোপন অস্ত্র’ নিয়ে মাঠে নামবে, সেটি জানতে অপেক্ষা করতে হবে ম্যাচ শুরুর ঠিক আগ পর্যন্ত।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।