দীর্ঘ ৭৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বৈশ্বিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’-এ নাম লেখাতে যাচ্ছে পাকিস্তান। আসন্ন ৭৫তম আসরে দেশটির হয়ে প্রতিনিধিত্ব করবেন ২৪ বছর বয়সী আনিকা মেরাজ।
গত বৃহস্পতিবার আনিকাকে আনুষ্ঠানিকভাবে ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান’ ঘোষণা করা হয়।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদন অনুযায়ী, লাহোরের ফালেট্টিস হোটেলে জমকালো এক অনুষ্ঠানে আনিকার মাথায় মুকুট পরিয়ে দেন ‘মিস পাকিস্তান ইউনিভার্সাল ২০২২’ ড. শাফাক আখতার এবং ‘মিস্টার পাকিস্তান ওয়ার্ল্ড’ আত্তাউল্লাহ গুজ্জর।
ব্যবসায় ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রিধারী আনিকা বর্তমানে অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর করছেন।
মিস ওয়ার্ল্ডের অফিশিয়াল ওয়েবসাইটে নিজের লক্ষ্য প্রসঙ্গে আনিকা বলেন, ‘ভবিষ্যতে স্টেট-অথরাইজড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্বপ্ন রয়েছে আমার। এর পাশাপাশি শিশুদের অধিকার ও নারীদের শিক্ষার পক্ষে কাজ করে পাকিস্তানের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চাই।’
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় আনিকার অভিজ্ঞতা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে তিনি মিস আর্থ, মিস গ্লোবাল, মিস কসমো, মিস ইকো ইন্টারন্যাশনাল এবং মিস অরা ইন্টারন্যাশনালের মতো আসরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। কসোভোয় অনুষ্ঠিত ‘ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় চারটি শিরোপাও জিতেছেন তিনি।
আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড’-এর মূল আসর। এবারের আসরে বাংলাদেশের হয়ে লড়বেন সামানজার সাঈদ।
দেশবার্তা/একে