ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৯ জুলাই ২০২৬ | ৪ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ২০:১৮
চলমান বার্তা:
ইরানে মার্কিন হামলায় ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১৮:০৮ আপডেট: ১৯.০৭.২০২৬ ১৫:৪২  (ভিজিটর : )

ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে টানা সাত দিন ধরে হামলা চালিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি পানি শোধনাগারে মার্কিন হামলায় অন্তত ২০টি গ্রামের প্রায় ১০ হাজার বাসিন্দার সুপেয় পানির সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। 

শনিবার (১৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হরমোজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির সিইও হামজেহ পুর ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে জানান, জাস্ক কাউন্টির উপকূলীয় বুঞ্জি গ্রামে একটি পানি পরিশোধন পাম্পে মার্কিন বাহিনী এই হামলা চালায়। এতে সমুদ্র থেকে পানি তোলার একটি পাম্পিং স্টেশন এবং বুঞ্জি পানি পরিশোধন কেন্দ্রের একটি বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। 

তীব্র পানি সংকটে পড়া এই হামলার ঘটনাকে ‘ধারাবাহিক অপরাধ ও সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন এই ইরানি কর্মকর্তা।

এদিকে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা হামলা শুরু করেছে ইরান। কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সাম্প্রতিক হামলার পর দেশটির একটি বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্রের অংশে আগুন লেগে যায়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কেন্দ্রটির নিরাপত্তা ও বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে কয়েকটি বিদ্যুৎ উৎপাদন ইউনিটের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে জরুরি পরিকল্পনার মাধ্যমে বিদ্যুৎ ও পানি নেটওয়ার্কের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে বলে দাবি করেছে কুয়েত।

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা মেনে ইরানের সামরিক সক্ষমতা হ্রাস করতে টানা ৭ রাত ধরে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

অন্যদিকে মার্কিন এই অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে তেহরান। শুক্রবার রাতের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি এক বার্তায় কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন বাহিনী যদি হামলা অব্যাহত রাখে, তবে ইরান নিজেকে শুধু পাল্টা হামলার মধ্যে সীমাবদ্ধ রাখবে না বরং পূর্ণমাত্রায় যুদ্ধে নামবে। আর তেমনটি হলে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কোনো রাজনৈতিক সীমান্তই সুরক্ষিত থাকবে না।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।