ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২০ জুলাই ২০২৬ | ৫ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১৭:০৮
চলমান বার্তা:
কাজাখস্তানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী হকি দল
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১৭:২৭  (ভিজিটর : )

ওমানের মাসকটে দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক নতুন ইতিহাস লিখল বাংলাদেশের মেয়েরা। উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এর ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। পুরো টুর্নামেন্টজুড়ে অনবদ্য পারফরম্যান্স, কঠোর শৃঙ্খলা আর লড়াকু মানসিকতার প্রদর্শনীতে লাল-সবুজের প্রতিনিধিরা মেতে ওঠে শিরোপার উল্লাসে।

নারী হকির এই ঐতিহাসিক সাফল্যকে দেশের ক্রীড়াঙ্গনের ধারাবাহিক অগ্রগতির এক অনন্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের নারী হকি খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় স্বপ্ন দেখতে এবং দেশের জন্য সাফল্য ছিনিয়ে আনতে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

ফাইনালে মেয়েদের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মাসকটের সুলতান স্পোর্টস কমপ্লেক্সে সশরীরে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। 

গ্যালারিতে বসে তিনি চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সরাসরি উৎসাহ দেন এবং ম্যাচ শেষে তাদের অভিনন্দন জানান। 

হকি ফেডারেশনের সভাপতি হিসেবে দেশের হকির মানোন্নয়ন ও খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে তাঁর এই নিয়মিত তদারকি ও উপস্থিতি দলের ভেতর বাড়তি উদ্দীপনা জুগিয়েছে।

ম্যাচ চলাকালীন ওমানের মাঠে এক টুকরো বাংলাদেশ তৈরি করেছিলেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পুরো টুর্নামেন্টজুড়ে গ্যালারিতে উপস্থিত থেকে তাঁরা যেভাবে লাল-সবুজের পতাকা উড়িয়ে মেয়েদের চিৎকার করে সমর্থন জুগিয়েছেন, তা ছিল দেখার মতো। প্রবাসীদের এই অকুণ্ঠ সমর্থন ও দেশপ্রেমের জন্য হকি ফেডারেশনের সভাপতি তাঁদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে ওমান সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি, হকি ওমানের সভাপতি এবং এশিয়ান হকি ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বেশ কিছু সৌজন্য সাক্ষাৎ করেন। এসব বৈঠকে বাংলাদেশের হকির অবকাঠামোগত উন্নয়ন, আন্তর্জাতিক অঙ্গনে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

মাঠের লড়াইয়ে কোনো ম্যাচ না হেরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী জুনিয়র হকি দলকে দেশজুড়ে ধন্য ধন্য করছেন ক্রীড়াপ্রেমীরা। এই অদম্য কন্যারা আগামী দিনে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম আরও উঁচুতে তুলে ধরবে- এমনটাই প্রত্যাশা সবার।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।