ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২০:৪৩
চলমান বার্তা:
ফুলবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত, আটক ১
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১৮:০০  (ভিজিটর : )

দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবেশী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নবিরুল ইসলাম (৪১) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আকাশ আহম্মেদ (২২) নামে এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর কুর্শাখালী রেলগেট এলাকায়। নিহত নবিরুল ইসলাম বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। আটক আকাশ আহম্মেদ জয়পুরহাটের বাসিন্দা মনোয়ার হোসেনের ছেলে। তবে তিনি ফুলবাড়ী পৌর এলাকার চকসাহাবাজপুর গ্রামে তার সৎপিতা শাহজাহান আলীর সঙ্গে বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে শাহাবাজপুর যাওয়ার উদ্দেশ্যে পৌর শহরের ঢাকা মোড় (শাপলা চত্বর) থেকে নবিরুল ইসলামের অটোরিকশায় তিনজন যাত্রীবেশী দুর্বৃত্ত ওঠে। অটোরিকশাটি উত্তর লক্ষ্মীপুর কুর্শাখালী রেলগেট এলাকায় পৌঁছালে তারা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে দুর্বৃত্তরা নবিরুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা নবিরুল ইসলামকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ রাত ১টার দিকে অভিযান চালিয়ে ঘোড়াঘাট উপজেলার একটি এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে এবং আকাশ আহম্মেদ নামে এক ছিনতাইকারীকে আটক করে। এ সময় অপর দুই দুর্বৃত্ত পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, "ঘটনার রাতেই অটোরিকশাটি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। নিহত নবিরুল ইসলামের চাচা নুরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।