ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৬ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১৩:৩৭
চলমান বার্তা:
বরগুনার আদালতে তদন্ত কর্মকর্তাকে শোকজ
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২০:০৫  (ভিজিটর : )

বরগুনার একটি আদালতে দায়ের করা এক মামলায় জেলহাজতে থাকা একজন আসামিকে ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত দেখিয়ে গ্রেফতার প্রদর্শনের আবেদন করায় সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, পুলিশ মামলায় দাবি করেন, আসামি মো. সাইফুল ইসলাম ওরফে বনি আমিন বর্তমান সরকারকে অস্থিতিশীল করা এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তদন্তকারী কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, তিনি বেতাগী থানাধীন কুমড়াখালী বাজারে সুব্রত মার্কেটের সামনে এবং শশী ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সরকারবিরোধী লিফলেট বিতরণসহ অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে অংশ নেন।

তবে আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, কথিত ঘটনা ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি; আসামি মো. সাইফুল ইসলাম ওরফে বনি আমিন অন্য একটি মামলায় জেল হাজতে ছিলেন। এ অবস্থায় তাকে ওই ঘটনায় জড়িত দেখিয়ে দৃশ্যত গ্রেফতার প্রদর্শনের আবেদন করা হলে বিষয়টি আদালতের নজরে আসে।

বিচার বিভাগীয় পর্যালোচনায় প্রশ্ন ওঠে, জেলহাজতে থাকা একজন ব্যক্তি কীভাবে একই সময়ে কথিত ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযোগে বর্ণিত কর্মকাণ্ডে অংশ নিতে পারেন।

এ প্রেক্ষাপটে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন তদন্তকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এসআই (নি.), বেতাগী থানাকে উক্ত অসংগতির বিষয়ে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

এদিকে, বাদীপক্ষের আইনজীবী জানান, আসামি মো. সাইফুল ইসলাম ওরফে বনি আমিন মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশে ২০২৫ সালের ২৫ মে থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন।

তার দাবি, বনি আমিন একজন সাধারণ ফুচকা বিক্রেতা এবং তার কোনো রাজনৈতিক পদ-পদবি নেই। ঘটনার সময় তিনি অন্য একটি মামলায় জেলহাজতে থাকা সত্যেও তাকে হয়রানির উদ্দেশ্যে এ মামলায় অবৈধভাবে দৃশ্যত গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।