ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২০:৪৩
চলমান বার্তা:
এমপি নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সাবেক চালক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১৪:৪৫  (ভিজিটর : )

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর কয়েকজন সহযোগীর বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছেন তাঁর সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী (পিএস) ওবায়দুর রহমান। জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়, ওবায়দুর রহমান (পিতা: ইলিয়াস সরদার) জানান, গত ১৪ জুলাই ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১১টায় রাজধানীর পল্লবী থানার উত্তর কালশীর আলীনগরে অবস্থিত 'রোজ গার্ডেন টাওয়ার-২'-এর ডি-২ ফ্ল্যাটে অবস্থানকালে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, ওই সময় আমিন (পিতা: জব্বার সরদার, যিনি দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত পুলিশের সাবেক এসআই বলে আবেদনে উল্লেখ করা হয়েছে), মাসুম বিল্লাহ এবং মোক্তাসিম বিল্লাহ (উভয়ের পিতা: ইউনুস সরদার) লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, হামলার শব্দ শুনে পাশের কক্ষ থেকে তাঁর মা ও ছোট বোন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁদের সহায়তায় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত ১২টা ৩৮ মিনিটে তিনি ভর্তি হন। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন এবং হামলাকারীরা তাঁকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে বলেও আবেদনে দাবি করা হয়েছে।

ওবায়দুর রহমানের দাবি, এই হামলার মূল নির্দেশদাতা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি দীর্ঘদিন এমপির গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করায় তাঁর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবগত বলে উল্লেখ করেন। লিখিত আবেদনে এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, জমি ও বালুমহাল দখল, ঘুষ গ্রহণ এবং নারী-সংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। এছাড়া এসব অভিযোগের পক্ষে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন প্রমাণ রয়েছে বলেও তিনি দাবি করেন।

জীবনের চরম নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে ওবায়দুর রহমান হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।