দীর্ঘ চারমাস হরমুজ প্রণালিতে আটকে থাকার পর নিরাপদে দায়িত্ব শেষ করে দেশে ফিরেছেন রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা–এর ১৬ জন নাবিক।
বাংলার জয়যাত্রা’র ১৬ নাবিক দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে রওনা হয়ে দুবাই হয়ে মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টা ২৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
গত ২৩ জুলাই এমভি বাংলার জয়যাত্রা জাহাজটি ৩১ জন বাংলাদেশি নাবিককে নিয়ে সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করে। এর মাধ্যমে আঞ্চলিক উত্তেজনার কারণে ১১৫ দিনের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে।
দীর্ঘ সময় মৃত্যুঝুঁকি ও চরম আতঙ্কের মধ্য দিয়ে কাটানোর কথা তুলে ধরে ‘বাংলার জয়যাত্রা’র ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম খান বলেন,“শত শত ক্ষেপণাস্ত্র আমাদের জাহাজের ওপর দিয়ে উড়ে গেছে। জেবেল আলি বন্দরে মাত্র ২০০ মিটার দূরে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। চরম ঝুঁকির মধ্যেও দেশের রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আমরা জাহাজ ছেড়ে যাইনি।”
জাহাজটির সেকেন্ড অফিসার প্রণয় কৃষ্ণ সেন জানান, হরমুজ প্রণালি অতিক্রমের সময় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সমুদ্রে ভাসমান মাইনের ভয় ছিল। ওই সময় জাহাজের অটো-ন্যাভিগেশন ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ম্যানুয়াল পদ্ধতিতে জাহাজ চালিয়ে তারা বিপৎসংকুল পথ পাড়ি দেন।
বিএসসি-এর জাহাজ-জনবল বিভাগের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন জিয়াউর রহমান জানান, দীর্ঘ সংকটকালে নাবিকদের মানসিক শক্তি জোগাতে উচ্চগতির ইন্টারনেট, খাদ্য ও প্রয়োজনীয় রসদ সরবরাহ নিশ্চিত করা হয়েছিল। সংঘাত কিছুটা কমতেই সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেকের দ্রুত জাহাজ সরিয়ে নেওয়ার সিদ্ধান্তই নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রেখেছে।
দীর্ঘ অবরুদ্ধতা কাটিয়ে গত ২৬ জুন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে বাংলার জয়যাত্রা। জাহাজের অবস্থান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিক অনুযায়ী, ১৬ জুলাই জাহাজটি ডারবান বন্দরে পৌঁছায়। জাহাজটিতে ৩৭ হাজার ৫০০ টন সার বহন করা হচ্ছিল। এপ্রিলের প্রথম সপ্তাহে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে সার বোঝাই করা হয়। বর্তমানে ডারবান বন্দরে সেই সার খালাস করা হচ্ছে। চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান জানান, সার খালাস শেষে জাহাজে চিনি বোঝাই করা হবে। এরপর জাহাজে দায়িত্বে থাকা অন্য নাবিকরা সেটি মালয়েশিয়ার উদ্দেশে নিয়ে যাবেন।
বাংলার জয়যাত্রা টানা ১১৫ দিন হরমুজ প্রণালিতে আটকে ছিল। গত ২৩ জুন বাংলাদেশ সময় রাত ৩টার দিকে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে এবং একই দিন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে নোঙর করে। বিএসসি মালিকানাধীন জাহাজটি সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠানের অধীনে ভাড়ায় পরিচালিত হচ্ছে। জাহাজটিতে মোট ৩১ জন বাংলাদেশি নাবিক কর্মরত ছিলেন।
অবশেষে ২২ জুন সকালে শারজাহ বন্দরের বহির্নোঙর এলাকা থেকে যাত্রা শুরু করে পরদিন সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয় জাহাজটি। দীর্ঘ চার মাসের অনিশ্চয়তা, যুদ্ধের আশঙ্কা এবং পরিবার থেকে বিচ্ছিন্ন জীবন কাটানোর পর দেশে ফিরতে পারছেন ১৬ নাবিক। তাদের নিরাপদ প্রত্যাবর্তনে পরিবার–পরিজন ও সহকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
প্রতিনিধি/আরএইচ