২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা ও উসকানির অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের অভিনেতা-অভিনেত্রী এবং সাংবাদিকসহ ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়েছে।
‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ (এসডিএফ) নামের একটি সামাজিক ও নাগরিক সংগঠন রোববার (২৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ দাখিল করে।
রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে অভিযোগপত্রটি তুলে দেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস।
এ সময় তাঁর সঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহ্যমান শাহ্ আলম বাদশা, কেন্দ্রীয় সংগঠক মহাসিন এবং জুলাই আন্দোলনে আহত আবু বকর ছিদ্দিক (তুহিন ফরাজী) উপস্থিত ছিলেন।
অভিযুক্তদের তালিকায় রয়েছেন সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, অভিনেতা আজিজুল হাকিম, রিয়াজ আহমেদ, সাইমন সাদিক, জায়েদ খান, সাজু খাদেম এবং অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, আশনা হাবীব ভাবনা, সুজাতা আজিম, চন্দন রেজা, মারিয়া কিসপট্টা, আশরাফুল হোসেন ওরফে হিরো আলম, শান্তা ফারজানা এবং সাংবাদিক আনিস আলমগীর, মোমিন মেহেদী ও সোমা ইসলাম।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলন চলাকালে ও পরবর্তীতে গণঅভ্যুত্থান এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা সরাসরি প্ররোচনা, সহযোগিতা ও উসকানি দিয়েছেন।
আন্দোলন দমন ও বিতর্কিত করতে এসব তারকারা ভূমিকা রেখেছেন বলে অভিযোগ করে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস সাংবাদিকদের বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন হলেও অভিযুক্ত কিছু ব্যক্তি ও তারকা এখনও সেই আন্দোলনকে কটাক্ষ করে চলছেন। ক্ষমতার দোসররা কখনো আইনজীবী আবার কখনো শিক্ষাবিদের রূপ ধরে ফিরে আসার অপচেষ্টা করছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে এদের আইনের আওতায় আনা জরুরি।
দেশবার্তা/একে