বাংলাদেশের পাশাপাশি ভারতেও সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘সান বাংলা’র রিয়েলিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ বিশেষ অতিথি হিসেবে হাজির হতে যাচ্ছেন তিনি। আগামী ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় বিশেষ এই পর্বটি সম্প্রচারিত হবে।
জানা গেছে, ইতোমধ্যে পর্বটির ধারণকাজ সম্পন্ন হয়েছে। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় এই অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিযোগীদের সঙ্গে গল্প ও আড্ডায় মেতে ওঠেন জয়া।
নারীপ্রধান এই রিয়েলিটি শোতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ নারীরা তাঁদের জীবনসংগ্রামের গল্প তুলে ধরেন এবং নানা ধরনের প্রতিযোগিতায় অংশ নেন। বিশেষ পর্বটিতে উপস্থিত থেকে এসব নারীদের অনুপ্রেরণা জোগান ও তাঁদের পাশে দাঁড়ান জয়া আহসান।
উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই সিনেমাটি কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। বড় পর্দায় সিনেমা চলায় দারুণ সাড়ার মাঝেই এবার ছোট পর্দায় নতুনরূপে দেখা মিলবে এই অভিনেত্রীর।
দেশবার্তা/একে