ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
ছাত্র আন্দোলনের পোস্টার হাতে নিয়ে আইনি জটিলতায় শ্রীলেখা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ২০:৩০  (ভিজিটর : )
অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ছবি: ফেসবুক থেকে

অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ছবি: ফেসবুক থেকে

ভারতের ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আইনি জটিলতায় পড়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কলকাতায় শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবিসংবলিত একটি পোস্টার হাতে নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ইচ্ছাকৃতভাবে এমনটি করার কথা অস্বীকার করেছেন এই অভিনেত্রী।

জানা গেছে, কলকাতার আনন্দপুর থানায় বিজেপি নেত্রী কেয়া ঘোষ শ্রীলেখার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। এছাড়া বিধাননগর সাইবার ক্রাইম থানাসহ রাজ্যের বিভিন্ন জেলাতেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে।

ঘটনাটি ঘটে গত ২৪ জুলাই। ওই দিন কলকাতায় ‘নিট’ পরীক্ষার প্রশ্নফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ কর্মসূচি ছিল। সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানান শ্রীলেখা। বিক্ষোভের একপর্যায়ে একটি পোস্টার হাতে দাঁড়িয়ে থাকেন তিনি। অভিযোগ ওঠে, ওই পোস্টারে দেশের প্রধানমন্ত্রীর একটি আপত্তিকর ও কুরুচিকর ছবি মুদ্রিত ছিল।

অভিযোগ দায়ের হওয়া প্রসঙ্গে পুলিশ জানায়, অভিযোগগুলো গ্রহণ করা হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো এফআইআর রুজু করা হয়নি। প্রাথমিক অনুসন্ধান শেষে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। 

অভিযোগপত্রগুলোতে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৩৫২, ৩৫৩ ও ৩৫৬ ধারার উল্লেখ করা হয়েছে।

আইনি জটিলতার মুখে পড়ে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন শ্রীলেখা মিত্র। তিনি জানান, রোদচশমা পরলেও লেখার পড়ার জন্য প্রয়োজনীয় চশমা সাথে না থাকায় পোস্টারটির লেখা বা ছবি ঠিকমতো দেখতে পাননি।

শ্রীলেখা বলেন, আমি হয়তো বিজেপিবিরোধী, কিন্তু আমাকে দেশদ্রোহী বলাটা হাস্যোদ্দীপক। সে সময় পুলিশের লাঠিচার্জ হচ্ছিল, আমি শিক্ষার্থীদের সঙ্গে ছুটোছুটি করছিলাম। চশমা না থাকায় তাড়াহুড়োর মধ্যে পোস্টারে ঠিক কী লেখা বা আঁকা ছিল তা ঘুরিয়ে দেখার সুযোগ পাইনি।

অন্যদিকে অভিযোগকারী বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে একজন সচেতন নাগরিক হিসেবেই তিনি বিষয়টিতে আপত্তি জানিয়েছেন। 

এ ধরনের আপত্তিকর ছবি প্রদর্শনের জন্য আইন অনুযায়ী শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে তাঁরা আদালতের শরণাপন্ন হবেন।

বর্তমানে শ্রীলেখার বিরুদ্ধে পুলিশের তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেবে কলকাতা পুলিশ।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।