ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে, শেষ হবে বিকেল ৫ টায়
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৩০ আপডেট: ১২.০৯.২০২৫ ১৭:১৬  (ভিজিটর : )

দীর্ঘ প্রতীক্ষার পর পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে। বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোট গণনা করা হবে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে।

এদিন সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর আগেই বিভিন্ন কেন্দ্রের সামনে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। স্বচ্ছতা নিশ্চিত করতে রিটার্নিং কর্মকর্তারা প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্ট ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ব্যালট বাক্সগুলো সিলগালা করেন। জাকসুর ইতিহাসে এ প্রথম বারের মতো নির্বাচনে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) প্রযুক্তি-ভিত্তিক ব্যালট ব্যবহার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র ও ১০টি ছাত্রী হলের ২১টি কেন্দ্রে মোট ২২৪টি বুথে ভোট নেওয়া হচ্ছে। 

দীর্ঘ ৩৩ বছর পর এই নির্বাচনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। তারা এবারই প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছসিত। 

শিক্ষার্থী সুমাইয়া ইসরাত বলেন, এত দীর্ঘ বিরতির পর এমন পরিবেশে ভোট দিতে পারা সত্যিই উৎসাহব্যঞ্জক। আমার খুবই ভালো লাগছে। তিনি মনে করেন যারা সত্যিকার অর্থে ক্যাম্পাসের জন্য কাজ করবে শিক্ষর্থীরা শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে এমন প্রতিনিধি নির্বাচন করবে।

আরেক শিক্ষার্থী মামুন শেখ বলেন, অনেক আগেই ভোটার হলেও পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাইনি। এ প্রথম আমি জাকসু নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি।

উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে এমনটাই আশা করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে ৬৭ জন শিক্ষক দায়িত্ব পালন করছেন এবং একই সংখ্যক প্রশাসনিক কর্মকর্তা সহকারী ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে রয়েছেন। 

যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসের ভেতরে ও বাহিরে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন রাখা রয়েছে। ক্যাম্পাসে দেড় হাজার পুলিশ সদস্য, সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা দেয়, গতকাল সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত মীর মশাররফ হোসেন হলের গেট ও প্রান্তিক গেট ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ বন্ধ থাকবে।

এছাড়া, পুরনো পরিবহন এলাকার টারজান পয়েন্ট, নতুন কলা ভবনের পাশে মুরাদ চত্বর, প্রান্তিকের উত্তর পাশের কাপড়ের মার্কেট ও প্রধান ফটকের আশপাশের অস্থায়ী দোকানপাট আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। তবে, হলের ক্যান্টিন ও ভেতরের দোকান খোলা থাকবে, পর্যাপ্ত খাবারের সরবরাহও নিশ্চিত করা হয়েছে।

এদিকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে নিরাপত্তা, পানি, বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেটের মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে এ নিষেধাজ্ঞায় ছাড় দেয়া হবে।


দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।